রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ সারা দেশে অব্যাহত গুপ্তহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেছেন, ‘নিজেদের জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় আমাদের হত্যা করা হবে। ঘরে-বাইরে কোথাও আমরা এখন নিরাপদ নই। এ অবস্থা চলতে দেওয়া যেতে পারে না।’
বক্তারা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। কিছু ব্যাপারে ধোঁয়াশা তৈরি হচ্ছে। এগুলো দূর করতে হবে। আর জনগণকে সঙ্গে নিয়েই সরকারকে কাজ করতে হবে।
গতকাল বুধবার রাজশাহী ও রংপুরে এসব কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিকেলে নগরের আলুপট্টির মোড়ে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী কল্পনা রায়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। এক সাগর রক্ত দিয়ে অর্জিত এই সোনার বাংলাকে কখনোই জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।
বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের
জেলা সভাপতি আবুল হোসেন, মুক্তিযুদ্ধ পাঠাগারের সহসভাপতি প্রশান্ত কুমার সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার, উদীচীর জেলা সভাপতি জুলফিকার আহমেদ, বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সরকার প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। সঞ্চালনা করেন মহিলা পরিষদের রাজশাহী জেলার সদস্য মনিরা রহমান।
গণতান্ত্রিক বাম মোর্চা রংপুর জেলা শাখার উদ্যোগে নগরের জাহাজ কোম্পানি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা। বেলা ১১টায় বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ ও গণসংহতি আন্দোলন জেলা কমিটির সদস্য প্রত্যয়ী মিজান বক্তব্য দেন।