বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের পাঁচজন ব্যবসায়ী ও চারজন গৃহিণী। তাঁরা প্রত্যেকেই এবার নিজের আয় ও সম্পদ ব্যয় করে নির্বাচন করছেন। প্রার্থীদের হলফনামা ঘেঁটে এমন তথ্যই জানা গেছে।
হলফনামা থেকে জানা যায়, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কহিনুর বেগম পেশায় মনিহারি দোকানের মালিক। বছরে তাঁর আয় ২ লাখ ৬০ হাজার টাকা। ওই ওয়ার্ডের আরেক প্রার্থী আছমা বেগম হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ ও পেশায় গৃহিণী বলে উল্লেখ করেছেন। তাঁর সব মিলিয়ে বছরে আয় তিন লাখ টাকা।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে রেহেনা খাতুন পরিবহন ব্যবসায়ী। বছরে তাঁর আয় ৩ লাখ ৩০ হাজার টাকা। আরকে প্রার্থী খালেদা বেগমও ব্যবসায়ী। তবে তিনি কী ব্যবসা করেন, তা হলফনামায় উল্লেখ নেই। বছরে তাঁর আয় ৩ লাখ ১ হাজার টাকা। অন্যান্যের মধ্যে শিউলি রানী দেব ও রেজেকা বেগম দুজনই গৃহিণী। তাঁদের প্রত্যেকের স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে আয় ২ লাখ ৮০ হাজার টাকা।
৭, ৮ ও ৯ ওয়ার্ডের তিনজন প্রার্থীর মধ্যে রশিদা আকতার বাবলী এইচএসসি পাস ও পেশায় ব্যবসায়ী। এ ছাড়া আরেক প্রার্থী ফাতেমা জিন্নাহ মৎস্য ব্যবসায়ী। তাঁদের উভয়ের আয় বছরে তিন লাখ টাকার মতো। আর প্রার্থী মোমেনা বেগম গৃহিণী। তাঁর বছরে আয় ৬০ হাজার টাকা।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেহেনা খাতুন বলেন, ‘নারীরা শুধুই গৃহিণী হবে—এমনটি ভাবার কারণ নেই। আমি সিএনজিচালিত অটোরিকশা খাটিয়ে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় করি। স্বামীর আয়ের সঙ্গে নিজের আয় যোগ করে সংসারের উন্নতি করেছি। মানুষের সেবা করার জন্য এবার নির্বাচন করছি।’
আরেক প্রার্থী মোমেনা বেগম বলেন, ‘আমার সোনার গয়না ও নগদ সঞ্চয়পত্র আছে। স্বামীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করার ইচ্ছা নেই। প্রয়োজনে সঞ্চয়পত্র ভাঙব।’
নয়জন নারী প্রার্থীর মধ্যে একজন স্বশিক্ষিত ও আরেকজন এইচএসসি পাস। আর বাকিরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।