নিজেদের টাকায় রাস্তা মেরামত করলেন তাঁরা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা-মাজুখান রাস্তাটি দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অনুপযোগী। রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় সরকারের দুটি দপ্তরে যান কয়েকটি গ্রামের বাসিন্দা। তবু কাজ হয়নি।গ্রামবাসী এবার কারও ভরসায় না থেকে নিজেদের টাকায় রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। এর জন্য সবাই যাঁর যাঁর সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেন।গ্রামবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের মাঝুখান গ্রামে যাতায়াতের জন্য দুটি কাচা সড়ক রয়েছে। একটি সফিপুর-রতনপুর হয়ে, অপরটি মৌচাক-ভান্নারা হয়ে। দুটি সড়কের অর্ধেক অংশে চলাচল করা গেলেও কাদার জন্য বাকি অংশে হেঁটে চলাও মুশকিল। অথচ সড়ক দুটি দিয়ে প্রতিদিন রতনপুর, মাঝুখনা, উত্তর নস্করচাল, আমদাইরসহ প্রায় ১০-১২টি গ্রামের কয়েক হাজার লোক যাতায়াত করে। চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে কাচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি মেরামতের দাবি নিয়ে এলাকাবাসী মৌচাক ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) যান। কিন্তু হতাশ হতে হয় তাঁদের।এ অবস্থায় এগিয়ে আসেন মৌচাক ইউপির সদস্য ও মাঝুখান গ্রামের মোসলেম উদ্দিন। তাঁরা বিভিন্ন গ্রামের লোকজনকে জড়ো করে নিজেদের টাকায় রাস্তাটি মেরামতের কথা বলেন। এতে সবাই সম্মত হন। গ্রামবাসী যে যাঁর সাধ্যমতো টাকা দেন। প্রাথমিকভাবে ওঠে ৩০ হাজার টাকা। তাই দিয়ে গত শনিবার থেকে শুরু হয় ভান্নারা-মাঝুখান রাস্তা মেরামতের কাজ। এবারও এগিয়ে আসেন ইউপি সদস্য মোসলেম। তিনি নিজেই মাথায় গামছা বেঁধে টুকরি নিয়ে নেমে পড়েন মেরামতের কাজে। সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। এবড়ো-খেবড়ো এক কিলোমিটার কাঁচা রাস্তায় বিছানো হচ্ছে ইট ও বালু। সমান করা হচ্ছে মাটি।রতনপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমান উল্লাহ বলেন, ‘আমাদের গ্রামে যাতায়াতের জন্য দুটি রাস্তা থাকলেও দুটিই চলাচলের অযোগ্য। তাই বাধ্য হয়ে সবার কাছ থেকে চাঁদা তুলে রাস্তাটি মেরামত করছি।’রাস্তা খারাপ হওয়ায় মাঝুখান বাজারে অন্যান স্থান থেকে জিনিসপত্রের দাম একটু বেশি বলে জানান মুদি ব্যবসায়ী আবদুস সালাম। তিনি বলেন, ‘এখানে প্রতি বস্তা চাল আনতে কমপক্ষে ৩০ টাকা খরচ পড়ে। তাই ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হয়। এ জন্য আমরাও রাস্তা মেরামতের জন্য টাকা দিয়েছি। তাই দিয়েই কাজ হচ্ছে।’মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল জব্বার বলেন, মাঝুখান বাজারে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানে সহস্রাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে। কিন্তু ছেলেমেয়েরা প্রতিদিন শরীরে কাদা মেখে বিদ্যালয়ে আসে। রাস্তায় কাদার জন্য অনেকে আসতেও চায় না।যোগাযোগ করা হলে ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন আগে চেয়ারম্যানকে চাপ দিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তায় ইট বিছানোর জন্য বরাদ্দ নিয়ে কাজ করিয়েছিলাম। কিন্তু আরও প্রায় এক কিলোমিটার রাস্তা মেরামত না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাই নিজে লোকজনের কাছ থেকে টাকা তুলে রাস্তা মেরামত করাচ্ছি। তবে সরকারি অর্থ বরাদ্দ পেলে কাজটি আরও ভালো করা যেত।’এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী আনিসুল হক মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘মাঝুখান এলাকার সড়কটির চার কিলোমিটার পর্যন্ত নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে ইতিমধ্যে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও শেষ হয়েছে। আগামী নভেম্বর থেকে রাস্তাটির কার্পেটিংয়ের কাজ শুরু হবে।’