নিজেদের টাকায় সরকারি সড়ক মেরামত করে চলাচল
রাঙামাটির শহরতলী ভেদভেদী ও রাঙ্গাপানি গ্রামের লোকজন নিজেদের টাকায় সরকারি সড়ক মেরামত করে চলাচল করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ বলছে বৃষ্টির মৌসুম শেষ হলে সড়কটি মেরামত হবে।খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটির পৌরসভার ভেদভেদী রাঙাপানি আসামবস্তি সড়কটির সংস্কারকাজ শুরু হয় এ বছরের মার্চ-এপ্রিল মাসে। কাজ শুরুর পর ভেদভেদী এলাকার প্রায় আধা কিলোমিটার অংশের সিলকোট তুলে গর্ত করে বালু-কংকর দেওয়া হয়। এরপর কাজ বন্ধ হয়ে যায়।গতকাল রোববার ভেদভেদী গিয়ে দেখা গেছে, সড়কের ভেঙে যাওয়া অংশে স্থানীয় লোকজন নিজেরাই মাটি আর কংকর দিয়ে ভরাট করছে। তারা জানায়, ভেদভেদী ও রাঙাপানি গ্রামের লোকজনকে এ বছর কমপক্ষে চারবার সড়কটি মেরামত করতে হয়েছে। সড়কের পাশে ঠিকাদারের কংকর থাকলেও তারা সেগুলো ব্যবহার করছে না। নিজেরা টাকা তুলে ইট কিনে সড়ক মেরামত করছে। পাখি চাকমা (৫০) ও রনেল চাকমা (৩২) বলেন, এই সড়ক দিয়ে কমপক্ষে সাত থেকে ১০ হাজার মানুষ আসা-যাওয়া করে। প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাস, অটোরিকশা, মাইক্রোবাস ও ট্রাকসহ নানা যানবাহন চলাচল করে। ভারী বৃষ্টিপাত হলে সড়কের বালু ও কংকর সরে গিয়ে যান চলাচল অযোগ্য হয়ে পড়ে। গত বৃহস্পতি ও শুক্রবারের ভারী বৃষ্টিতে সড়কের ২০ থেকে ৩০ ফুট বালু ও কংকর সরে গেছে। ফলে তা এখন মেরামত করতে হচ্ছে। এতে ৭০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হবে। এসব টাকা দুই গ্রামের মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।রাঙামাটি এলজিইডি সূত্রে জানা গেছে, এ সড়ক সংস্কারে দরপত্র আহ্বানের পর ২০১০ সালের ২৮ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। অনন্ত বিকাশ ত্রিপুরার নামে যুবলীগ নেতা মুজিবুর রহমান কাজটি নেন। কার্যাদেশ দেওয়ার পর কিছু স্থানে প্রতিরক্ষা দেওয়াল নির্মাণ করার পর দীর্ঘদিন কাজটি ফেলে রাখা হয়। পরে আরও কয়েকবার তাগাদা দেওয়া হলে এ বছরের মার্চ-এপ্রিল মাসে কাজ শুরু করেন। কিন্তু প্রায় আধা কিলোমিটার মাটি তুলে বক্স কেটে বালু ও কংকর ফেলার পর আবারও কাজ বন্ধ হয়ে যায়। গত ছয় মাস ধরে সড়কটি ওই অবস্থায় রয়েছে।রাঙামাটি পৌরসভার স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর ধীরেন্দ্র লাল চাকমা বলেন, এই সড়কটি নিয়ে স্থানীয় লোকজনের দুর্ভোগের সীমা নেই। এলজিইডি কর্তৃপক্ষের কাছে বারবার বলার পরও কিছু হচ্ছে না। এলজিইডি রাঙামাটি নির্বাহী প্রকৌশলী ছোহরাব আলী বৃষ্টিতে সড়কের মাটি সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক রক্ষণাবেক্ষণে নিয়োজিত নারীরাও সড়কটি মেরামতের কাজ করছেন। ওই সড়ক দিয়ে প্রতিদিন ৫০-৬০টি কাঠবাহী ভারী ট্রাক চলাচল করায় এ অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টির মৌসুম শেষ হলেই সড়ক মেরামতের কাজ শুরু হবে।