নিজেদের টাকায় সড়ক সংস্কার চালকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ায় চৌধুরী সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন চালকেরা। ছবিটি গত সোমবার সকালে তোলা l প্রথম আলো
লোহাগাড়ায় চৌধুরী সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন চালকেরা। ছবিটি গত সোমবার সকালে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদরের চৌধুরী সড়কটির পিচঢালাই উঠে বেহাল অবস্থা। অতিবৃষ্টি ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের দুই কিলোমিটার জুড়েই অসংখ্য ছোট-বড় গর্ত। কর্তৃপক্ষের আশায় না থেকে সড়কটি চলাচলের উপযোগী করার কাজে এগিয়ে এসেছেন স্থানীয় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। নিজেরা চাঁদা তুলে সড়কটি সংস্কার করেছেন তাঁরা। গত সোমবার সংস্কার কাজ শুরু হয়ে গতকাল মঙ্গলবার তা শেষ হয়।

লোহাগাড়ার তিন ইউনিয়ন চরম্বা, পুটিবিলা ও চুনতি ইউনিয়নের সঙ্গে লামা উপজেলার যোগাযোগের মাধ্যম এই সড়ক।

গত সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, ইটের টুকরা ও বালু নিয়ে প্রায় দুই শ চালক ছোট ছোট দলে ভাগ হয়ে রাস্তাটির বিভিন্ন অংশে মেরামত কাজ করছেন। খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব আলমও চালকদের সঙ্গে এ রাস্তা সংস্কারে অংশ নেন।

লোহাগাড়া সিএনজিচালক কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, ‘সড়কের  গর্তগুলোতে পড়ে অটোরিকশা ও রিকশার চাকা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের কাছে আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। তাই নিজেরাই ৫০ হাজার টাকা তুলে সড়কটির গর্তগুলো ভরাট করেছি।’

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, চলতি বর্ষায় রাস্তাটির বেশি ক্ষতি হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।