নিজেদের নির্দোষ দাবি মেয়র ও সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা কাঠগড়ায় দাঁড়ানো মামলার আসামিদের কাছে জানতে চান তাঁরা দোষী না নির্দোষ। জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম বলেন, আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষার ধার্য দিনে ১৫ সাক্ষীর সাক্ষ্য ও জেরাতে উঠে আসা বক্তব্য পড়ে শোনানো হয়। এ সময় আসামিদের কাছে আদালত জানতে চান তাঁরা দোষী কি নির্দোষ। তখন আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালত ১৪ জুলাই এই মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য রাখেন।
আসামি পক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলায় আসামিদের জড়ানো হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
১৯৯৪ সালে এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়। এ মামলায় গত ১ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন নেন নাছির।
গত ৬ এপ্রিল মামলার বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরাকালে বাদী দাবি করেন, তৎকালীন বিএনপি সরকারের চাপে পড়ে মামলাটি করেছিলেন তিনি।