ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় নিষিদ্ধ উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। মামলার আট আসামির মধ্যে অপরজন পলাতক রয়েছেন।
গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদের আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
গতকাল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। এ জন্য এ মামলার আট আসামির মধ্যে কারাগারে আটক সাত আসামিকে আদালতে হাজির করা হয়। আত্মপক্ষ সমর্থনের সময় আসামি মুফতি জসীম উদ্দিন বলেন, আনসারুল্লাহ বাংলা টিম বলে কোনো সংগঠন নেই। তিনি ওই সংগঠনের কেউ নন। চরমোনাই পীরের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। চরমোইন পীরের লোকজন তাঁকে ধরিয়ে দিয়েছেন। অন্য ছয় আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতকে বলেন, নির্যাতন করে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।
মুফতি জসীম উদ্দিন, মাকসুদুল হাসান, ফয়সাল বিন নাইম, সাদমান ইয়াছির মাহমুদ আদালতে লিখিত ও মৌখিকভাবে আত্মপক্ষ সমর্থন করে আবেদন জানান। আর নাফিস ইমতিয়াজ, নাঈম সিকদার ও এহসান রেজা মৌখিকভাবে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন।
সোমবার এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছিল। গতকাল আত্মপক্ষ সমর্থন করে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেবে না বলে আদালতকে জানানো হয়। পরে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানাধীন কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়।