নিজেদের নির্দোষ দাবি করলেন আরও নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় আরও নয়জন আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাঁরা কোনো সাফাই সাক্ষী দেবেন না এবং ঘটনার বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই বলে আদালতকে বলেছেন।

গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা ও শুনানিতে আসামিরা এ দাবি করেন। এর আগে গত বুধবার একইভাবে ২৩ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন এবং সাফাই সাক্ষী দেবেন না বলে জানান।

৩০ অক্টোবর জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ আসামির ৩৪২ ধারায় পরীক্ষার শুনানির দিন ধার্য রয়েছে। এ ছাড়া জামিনে থাকা আসামি ওসমান মিস্ত্রির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামি মরিয়ম বেগম, কবির আহমেদ ও ফিরোজ আহমেদ, হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চট্টগ্রাম ইউরিয়া সারা কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক কে এম এনামুল হক। এই নয়জনের মধ্যে প্রথম পাঁচজনকে বিগত বিএনপি সরকার আমলে দেওয়া অভিযোগপত্রে আসামি করা হয়েছে। বাকি চারজন বর্তমান সরকারের আমলে দেওয়া সম্পূরক অভিযোগপত্রের আসামি।

আদালতে নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ অভিযোগ পড়ে শোনান। তিনি বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। অস্ত্রগুলো ট্রাকে তোলার সময় পুলিশ গিয়ে আটক করে। ভারতীয় বিছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে কর্ণফুলী থানায় দুটি মামলা হয়। পরে দুই মামলায় সিআইডি অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থাকা মামলা দুটি আদালতের নির্দেশে ২০০৭ সালে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। অধিকতর তদন্ত শেষে সিআইডি অস্ত্র মামলায় ৫০ ও চোরাচালান মামলায় ৫২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। সম্পূরক অভিযোগপত্রে লুৎফুজ্জামান বাবর, নিজামীসহ ১১ জনকে নতুন করে আসামি করা হয়। দুই মামলায় রাষ্ট্রপক্ষ ৫৬ জন সাক্ষীর সাক্ষ্য নেন।

পিপি কামাল উদ্দিন আসামিদের জিজ্ঞাসা করেন, ‘আপনারা দোষী না নির্দোষ? আপনাদের কোনো বক্তব্য আছে কি না? সাফাই সাক্ষী দেবেন কি না?’ জবাবে আসামিরা হাত নেড়ে বলেন, ‘আমরা নির্দোষ। কোনো সাফাই সাক্ষী দেব না।’

এ সময় আসামি হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদ বলেন, তাঁরা হাইকোর্টে যাবেন। হাফিজ দাবি করেন, ‘আমি নিজেই ২০০৫ সালে আত্মসমর্পণ করে জামিনে আসি। পরে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় আমার বিরুদ্ধে।’

আকবর হোসেন বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনে আমার নাম ছিল না। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছি।’

মহসিন উদ্দিন তালুকদার দাবি করেন, সিইউএফএল জেটিঘাটে অস্ত্র খালাসের বিষয়টি তিনি জানতেন না। তিনি জবানবন্দিতে যা বলেছেন, মহানগর হাকিম তা সেভাবে লিপিবদ্ধ করেননি।

মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, শুনানির পর নয় আসামির মধ্যে পাঁচজন—হাফিজুর রহমান, দ্বীন মোহাম্মদ, মহসিন উদ্দিন তালুকদার, এনামুল হক ও আকবর হোসেন ৩৪২ ধারায় পরীক্ষার নির্ধারিত ফরমে সই করেননি। বিষয়টি আদালতকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ধার্য দিনে আদেশ দেবেন আদালত।