নারায়ণগঞ্জে সাত খুন: রিমান্ডে র্যাবের সাবেক তিন কর্মকর্তা
নিজেদের বাঁচিয়ে শামীম ও নূরের দিকে আঙুল

নারায়ণগঞ্জে সাত–জনকে অপহরণ ও খুনের ঘটনার সঙ্গে সাংসদ শামীম ওসমান ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন জড়িত থাকতে পারেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ। তবে এই হত্যাকাণ্ডে তাঁর নিজের বা র্যাব-১১-এর কারও জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
এ ছাড়া র্যাব-১১-এর অপর দুই সাবেক কর্মকর্তা মেজর (অব.) আরিফ হোসেন ও ক্যাম্প অধিনায়ক লে. কমান্ডার (অব.) এম এম রানা জিজ্ঞাসাবাদের সময় মামলার তদন্তকারী কর্মকর্তাদের বলেছেন, যেখান থেকে অপহরণের ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, সেই এলাকা তাঁদের কর্ম এলাকার মধ্যে পড়ে না। তাই তাঁদের সম্পৃক্ত থাকার কোনো প্রশ্ন ওঠে না।
র্যাবের সাবেক এই তিন কর্মকর্তাকে প্রথম দফা জিজ্ঞাসাবাদে উল্লেখ করার মতো এই তথ্যই পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তারা। তবে তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তিন কর্মকর্তা জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট নয়। এ জন্য তারেক ও আরিফকে আরও আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷ এম এম রানাকে কাল রোববার আদালতে নিয়ে আবার রিমান্ড চাওয়া হবে।
গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে কোর্ট দারোগা (সিএসআই) আশরাফ উজ জামান আদালতে দাখিল করা প্রতিবেদনে বলেছিলেন, র্যাবের সাবেক কর্মকর্তারা এই অপহরণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তা ছাড়া তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, অপহরণ ও হত্যায় র্যাবের অন্তত ১৮ জন সদস্য অংশ নিয়েছেন। তাঁদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। এখন তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে, টাকার বিনিময়ে হত্যা সংঘটিত হলে কোন কোন র্যাবের সদস্য কত টাকা পেয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, নূর হোসেনকে না পাওয়ায় তদন্ত কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। কেননা অনেক কিছুর সত্যতা নিশ্চিত করতে হলে তাঁকে দরকার হবে৷ নূর হোসেনকে গ্রেপ্তার করতে না পারায় এখন ঘটনার সঙ্গে সংযুক্ত অন্যরা তাঁর ওপরে দোষ চাপিয়ে নিজেদের সম্পৃক্ততা ঢাকার চেষ্টা করছেন বলেও মনে করছে পুলিশ। তবে সাবেক র্যাব কর্মকর্তাদের দেওয়া সব তথ্যকে তদন্তের জন্য বিবেচনায় নিচ্ছে পুলিশ।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত হচ্ছে। নিহতদের পরিবার নাম উল্লেখ করে মামলা করেছে। র্যাবের বিরুদ্ধে অভিযোগ এনেছে। র্যাব সদস্যদের হত্যা মামলায় আসািম হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। কোনো কিছুতেই আমার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘তবে র৵াবের কোন কোন সদস্য জড়িত, সে কথা আমি বলেছি। এখন কেউ আমাকে উল্টো ফাঁসানোর চেষ্টা করছেন। তদন্তেই সব প্রমাণ হবে।’ তিনি বলেন, একের পর এক তাঁর লোক নিহত হচ্ছেন। তিনি কেন এই হত্যা করাবেন?
তদন্তের সঙ্গে যুক্ত পুলিশের সূত্র জানায়, র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে রিমান্ডে নিলেও ‘প্রচলিত পদ্ধতিতে’ তাঁদের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে না। তাঁদের রাখা হয়েছে জেলার পুলিশ লাইনে। সার্বক্ষণিক চিকিত্সকেরও ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের জোরজবরদস্তি করা হচ্ছে না। তাঁদের নানাভাবে প্রশ্ন করা হচ্ছে। প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য তাঁদের সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু কেউই মুখ খুলছেন না।
জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অনুমতি না থাকায় তথ্য পাওয়ার জন্য রিমান্ডে নেওয়ার পর পুলিশ বিকল্প পদ্ধতি এখানে ব্যবহার করছে না। বিকল্প পদ্ধতি বলতে বলছেন, স্বেচ্ছায় কেউ তথ্য না দিলে জোর খাটিয়ে, ভয়ভীতিও দেখিয়ে তথ্য আদায় করা, যা এখানে একেবারেই করা হচ্ছে না।
নিহত নজরুলের শ্বশুরও প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, তিন র্যাব কর্মকর্তাকে জামাই আদরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অবশ্য জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেছেন, আদালত যে অবস্থায় আসামিদের পুলিশের হেফাজতে দিয়েছেন, তাঁদের দায়িত্ব সেই অবস্থায় তাঁদের আবার আদালতে আনা। চিকিত্সক নেওয়া হয়েছিল সেই কারণে।
একজন তদন্তকারী কর্মকর্তা বলেছেন, নিচের পদে চাকরি করেন এমন অনেক তদন্তকারী কর্মকর্তা র্যাবের এই তিন সদস্যকে প্রশ্ন করতে ভয় পাচ্ছিলেন। এ জন্য ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা বিভাগসহ (ডিবি) উচ্চপর্যায়ের কর্মকর্তারা পর্যায়ক্রমে এই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। মামলার তদন্তকারী কোনো কোনো কর্মকর্তা সেখানে কেবল দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক এই তিন কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ-সংক্রান্ত পর্যাপ্ত তথ্যও তাঁদের কাছে আছে। প্রত্যক্ষদর্শীরাও সে কথা বলেছেন। এখন পর্যন্ত সাতজন প্রত্যক্ষদর্শী পেয়েছে পুলিশ।
একই সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় তারেক সাঈদের কাছে তদন্তকারী কর্মকর্তারা জানতে চেয়েছিলেন, তিনি (তারেক) কীভাবে নিশ্চিত হচ্ছেন নূর হোসেন ও শামীম ওসমান এই ঘটনার সঙ্গে যুক্ত। ব্যাখ্যায় তিনি বলেছেন, নারায়ণগঞ্জে অপহরণ ও খুনের মতো কিছু ঘটনায় নূর হোসেন জড়িত ছিলেন বলে তিনি তাঁর দায়িত্বকালে জানতে পেরেছিলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিক অপহরণের সঙ্গেও নূর হোসেন জড়িত ছিলেন বলে তাঁরা জানতে পেরেছিলেন। আর শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় নারায়ণগঞ্জে নূর হোসেন অপকর্ম চালিয়েছেন। নূর হোসেন শামীম ওসমানের অন্যতম ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তা ছাড়া নিহত নজরুল ইসলামের সঙ্গে নূর হোসেনের ব্যক্তিগত ও ব্যবসািয়ক শত্রুতা ছিল। এঁরা দুজনেই ছিলেন শামীম ওসমানের সহযোগী।
তারেক সাঈদ জিজ্ঞাসাবাদে বলেছেন, র্যাব-১১-এ দায়িত্ব পালনকালেই তিনি এই ঘটনায় নূর হোসেন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন। আর হত্যাকারী ও হত্যার শিকার দুই ব্যক্তি শামীম ওসমানের লোক হওয়ায় এ বিষয়ে তাঁর কোনো না কোনোভাবে জড়িত থাকাটাই স্বাভাবিক বলে মনে করেন তারেক। তা ছাড়া নূর হোসেন এবং আবু সুফিয়ান নামে একজন ঠিকাদারি ব্যবসায়ীর ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ওই আলাপে মনে হয়েছে, নূর হোসেন শিগগিরই কোনো একটি হত্যাকাণ্ড ঘটাতে যাচ্ছেন। নজরুলসহ সাতজনের হত্যার ঘটনা এর পরেই হয়েছিল৷
তিন র৵াব কর্মকর্তার জিজ্ঞাসাবাদ নিয়ে পুলিশ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুজনের ইতিমধ্যে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের তদন্ত ভালোভাবেই এগোচ্ছে। তদন্ত শেষে তিনি ভালো খবর দিতে পারবেন।
অবশ্য মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করা অনেকটাই অসম্ভব বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। তাঁরা বলেছেন, নূর হোসেন হয়তো দেশে নেই। সে ক্ষেত্রে তাঁকে গ্রেপ্তার করা সহজ হবে না। পালিয়ে গিয়ে তিনি যদি এমন কোনো দেশে যান, যে দেশের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই, তাহলে সমস্যা তৈরি হবে। নূর হোসেনের পরিবারের সদস্যদেরও এখন হদিস পাওয়া যাচ্ছে না বলে পুলিশ দািব করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে খন্দকার মহিদ উদ্দিন বলেন, নূর হোসেন ভারতে পালিয়ে গিয়ে থাকলেও কোনো বৈধ পথে যায়নি। এ ব্যাপারে তাঁরা নিশ্চিত। গেলে তাঁকে অবৈধ পথে যেতে হয়েছে।