নিজেদের বানানো ফাঁদে প্রাণ গেল বাবা-ছেলের
শিয়ালের কবল থেকে শসা রক্ষায় খেতে বিদ্যুতের তারের ফাঁদ পেতে রেখেছিলেন বিমল চন্দ্র বর্মণ (৫২)। সেই ফাঁদে পা দিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন বিমল। তাঁকে বাঁচাতে এগিয়ে যান ছেলে বিধান চন্দ্র বর্মণ (২৬)। এরপর ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-ছেলে। গতকাল রোববার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার ভেনলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর কয়েকজন জানান, ওই গ্রামের কৃষক বিমল তাঁর শসাখেতের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন। তিনি প্রতিদিন রাতে ওই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন এবং সকালে সংযোগ খুলে দিতেন। গতকাল সকালে তিনি সংযোগ খুলতে ভুলে যান এবং ওই সময় খেতে কাজ করার একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় বিমলকে বাঁচাতে ছুটে আসেন তাঁর ছেলে বিধান। দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
চাঁপাপুর ইউপি সদস্য এমদাদুল হক বলেন, এলাকার অনেক কৃষকই এ ধরনের ফাঁদ তৈরি করে রেখেছেন, যা অত্যন্ত বিপজ্জনক।