বান্দরবানে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মারমা নৃগোষ্ঠীর সাড়ে তিন শ ছাত্রছাত্রীর নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রতি নিজস্ব ভাষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা আড়াইটার দিকে জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএমএসসি বান্দরবান সরকারি কলেজ শাখার সভাপতি অংচাহ্লা মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলী, বিএমএসসির জেলা সভাপতি লুসাইমং মারমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মারমা জনগোষ্ঠী বান্দরবানে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও নানা কারণে এখনো শিক্ষা-সংস্কৃতিতে অনগ্রসর রয়েছে। এ জন্য নিজস্ব ভাষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রসারে অগ্রাধিকার দিতে হবে। মারমা ছাত্রছাত্রীরা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে দুর্গম এলাকা থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য আবাসিক সুবিধা, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
বিএমএসসির জেলা সভাপতি লুসাই মং মারমা প্রথম আলোকে জানান, জেলায় মারমা ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশোনায় এগিয়ে রয়েছে। এবারে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানে এবং বান্দরবানের বাইরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১৬০ জন ছাত্র ও ১৯০ জন ছাত্রী রয়েছেন। আলোচনা সভা শেষে মারমা শিল্পী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।