নিজেদের ভুলে বিদায় তিন 'বিদ্রোহী' প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই নেতা ও বিএনপির এক নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু ভুল থাকায় গতকাল শনিবার যাচাই-বাছাইকালে তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘার আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবলু হোসেনের মৃত্যুর পর বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন। এ ছাড়া বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আড়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন। এরপর বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা হামিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্রের সঙ্গে ১০০ জন ভোটারের স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ একটি তালিকা জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই কারণে মাসুদ পারভেজের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায় নজরুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্য দুই প্রার্থী মুক্তার আলী ও তোজাম্মেল হোসেনের মনোনয়নপত্রে সমস্যা না থাকায় বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘সমস্যাটা কী হয়েছে আমি জানি না। বিষয়টি নিয়ে আপিল করেছি। দেখা যাক কী হয়।’ এ ব্যাপারে তাঁর মন্তব্য জানতে রিং করেও আবদুল মতিনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আর মাসুদ পারভেজ বলেন, এ বিষয়ে সামনা-সামনি পরে কথা বলতে চান।