নিজেদের মধ্যে বিদ্যুৎ বিনিময় নিয়ে আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় পাকিস্তান পঞ্চম সার্ক বিদ্যুৎমন্ত্রীদের সম্মেলনে ভারতে এল না। ফলে বিদ্যুৎ নিয়ে আট দেশের সহযোগিতার জন্য কাঠামোচুক্তিতে সাত দেশ সম্মতি দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান কী করবে, তা নিয়ে কিছুটা সংশয় থেকে গেল। আগামী ২৬ ও ২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনে এই কাঠামোচুক্তি বাস্তবায়িত হওয়ার কথা। চুক্তি সম্পাদিত হলে দক্ষিণ এশিয়ার সার্ক সদস্যভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বিদ্যুৎ কেনাবেচা করতে পারবে।
নয়াদিল্লিতে গতকাল শুক্রবার দুই দিনের সম্মেলন শেষে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই সম্মেলন একটা “মাইলস্টোন” হয়ে থাকবে। আমরা সবাই “ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ চূড়ান্ত করলাম। পাকিস্তানও যদি এর মধ্যে তা করে ফেলে, তাহলে নেপালে সার্ক সম্মেলনে আমরা সবাই একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারব।’
দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসা এই চুক্তি বাস্তবায়িত হলে সার্কের সব দেশকে নিয়ে একটা সার্ক গ্রিড তৈরি হবে। এই গ্রিডের সাহায্যে সদস্যদেশ যেমন উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবে, তেমনই যার বিদ্যুৎ বেশি প্রয়োজন সে কিনতে পারবে। ভারতের বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আট সদস্যদেশ এক হয়ে বিশ্বের কাছে একটা নজির সৃষ্টি করবে।
নসরুল হামিদ বলেন, ‘আমরা এখন ৫০০ মেগাওয়াট পাচ্ছি। আরও ৫০০ মেগাওয়াট ভারত দেবে জানিয়েছে। কিন্তু এর বাইরে আমি অতিরিক্ত এক হাজার মেগাওয়াট দেওয়ার অনুরোধ জানিয়েছি। ভারতের বিদ্যুৎমন্ত্রী বলেছেন, নীতিগতভাবে তা দিতে তাঁদের আপত্তি নেই। তবে তার আগে ওই গ্রিডকে আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎবাহী হওয়ার জন্য উপযুক্ত করে তুলতে হবে।’
বিদ্যুৎ নিয়ে নেপাল ও ভুটানের সঙ্গেও বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা হয়।
সার্ক গঠনতন্ত্রে সব ক্ষেত্রেই ঐকমত্যের কথা বলা হয়েছে। অর্থাৎ, চার বছর ধরে আলাপ-আলোচনার পর বিদ্যুৎ নিয়ে এই যে ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ হলো এবং সাত দেশ সহমত হলো, তা বাস্তবায়িত হওয়া নির্ভর করছে পাকিস্তানের ওপর। নসরুল হামিদ মনে করেন, পাকিস্তানও সায় দেবে, কারণ তারাও বিদ্যুৎ-ঘাটতির দেশ। ভারতের বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘পাকিস্তান যে এই সম্মেলনে আসছে না, তা তারা জানায়নি। কেন আসতে পারবে না, সে কথাও বলেনি।’