নিজেদের মামলা কীভাবে প্রত্যাহারের সুপারিশ করে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারকে হত্যার বিচার না হওয়ার মতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান। আজ বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, সরকার নিজেদের দায়ের করা মামলাকে কী করে রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রত্যাহারের সুপারিশ করে, তা নিয়ে সবাই বিস্মিত।


২০ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পীর ফজলুর রহমান বলেন, মামলার মধ্যে রয়েছে ধর্ষণের মামলা, নাশকতার, ঘুষ লেনদেন, সরকারি টাকা আত্মসাৎ, ডাকাতি, অবৈধভাবে অস্ত্র দখলে রাখা, কালোবাজারি, অপহরণ, জালিয়াতি, বোমা ও অস্ত্র মামলা। সরকার নিজেরাই এসব মামলার বাদী। আবার নিজেরাই বলছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু যারা মারা গেছে, তাদের সন্তান বা পরিবার কি এসব হত্যার বিচার পাবে না? যে মানুষটি খুন হলো, তার পরিবার কি সেই খুনের বিচার দেখে যেতে পারবে না?

ফজলুর রহমান বলেন, নব্বইয়ের পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা এখনো প্রত্যাহার না হলেও প্রতিবেদন অনুযায়ী ২০৬টি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। বেশির ভাগ মামলাই আওয়ামী লীগের দুই আমলে দায়ের করা এবং এর অনেকগুলোর বাদী সরকার।

পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, আপনি খবরের কাগজের ওপর ভিত্তি করে এ কথাগুলো বলেছেন। আপনার নিশ্চয়ই জানা উচিত যে সরকার যেকোনো মামলাই প্রত্যাহার করতে পারে, যদি তার কাছে গ্রাউন্ড থাকে। সরকার সুপারিশ করলে পরে যে আদালতের মামলা তার পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ওই আদালতে প্রার্থনা করতে হবে। সুতরাং সরকার সুপারিশ করলেই কোর্ট তা প্রত্যাহার করবে, এটা কোনো দিনই হয় না। আদালত এটা নাকচও করতে পারেন। ডেপুটি স্পিকার আরও বলেন, তবে এতে যে লোকটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার পরিবার বিচার পাবে না—আপনি যথার্থ বলেছেন। সেই নিরিখে আদালত যে রায় দেবেন, সেই রায় আপনি যেমন মেনে নিতে বাধ্য, তেমনি সরকারও বাধ্য। সুতরাং সরকার সুপারিশ করলেই সেই মামলা প্রত্যাহার হবে, তা বলা যায় না। অনুমানভিত্তিক কোনো বক্তব্য না রাখাই শ্রেয়।

এরপর চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘বিরোধী দলে থাকলে অনেক কথা বলা যায়। পত্রিকার অনেক খবর দেখা যায়। কিন্তু অসত্য না সত্য, তা যাচাইয়ের সুযোগ থাকে না। হুসেইন মুহম্মদ এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন কালীগঞ্জে আমাদের ময়েজউদ্দিনকে হত্যা করা হলো। তাঁকে যে হত্যা করেছে, সেই ভদ্রলোকের নাম আজম খান। হুসেইন মুহম্মদ এরশাদ সেই মামলা প্রত্যাহার করেছিলেন। ঘটনার পরে ওই জায়গায় গিয়ে আজম খানকে এরশাদ নিজের ভাই বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এ উদাহরণ কিন্তু এ দেশে আছে। ফজলুর রহমানকে উদ্দেশ করে ফিরোজ বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করে বিবৃতি দেওয়া কোনো রকমেই গ্রহণযোগ্য নয়। আমি আশা করব, স্বরাষ্ট্রমন্ত্রী হাউসে এ বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন।

বিএনপির নিবন্ধন বাতিলের দাবি
কানাডার ফেডারেল আদালতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করায় বাংলাদেশেও বিচারের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিলের দাবি করেছেন তরীকত ফেডারেশনের সাংসদ সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি করেন।

১৯৯১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা নজিবুল বশর এ সময় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। এই বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। নারী-শিশুরা এখনো কাতরাচ্ছে। আমরা বারবার বলেছি, যারা যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, তারাও সন্ত্রাসী। আল্লাহর গজব পড়েছে। বিদেশের মাটিতে এখন বিএনপিকে সনদ ধরিয়ে দিয়েছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য যেমন তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে; বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে। তাদের এক নেতা বলছেন, তাঁরা অভ্যুত্থান চান। তাঁরা আসলে কী চান? আগামী নির্বাচনে যাতে একই কাজ করতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে।’