নিজেদের সমস্যার সমাধান নিজেরা করাই সর্বোত্তম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, ‘আমাদের মাতৃভূমিতেও আমরা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করি।’
গতকাল সোমবার বিকেলে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মজীনা। পরে তিনি ডায়াবেটিক হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসো–সিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট ও হৃদ্রোগ হাসপাতাল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে স্ত্রী গ্রেস মজীনা ও ইউএসএইডের মিশন পরিচালক ইয়ানিনা ইয়ারুজেলস্কি উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মজীনা শহরতলির গদাধরডাঙ্গি কমিউনিটি সেন্টারে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ নামের একটি নাটক উপভোগ করেন।
বানিয়ারচরে নিহতদের সমাধিতে ফুল: গতকাল সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বানিয়ারচর গির্জায় বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তিদের সমাধিতে ফুল দিয়ে সম্মান জানান ড্যান মজীনা। ২০০১ সালের ৩ জুন এ গির্জায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হন। গতকাল সকাল ১০টায় সেখানে উপস্থিত হয়ে তিনি এ সম্মান প্রদর্শন করেন। এরপর প্রায় দুই ঘণ্টা ওই গির্জায় অবস্থান করেন। এ সময় তিনি নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।