জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার নিজেদের এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী প্রদীপ কুমার দেব ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার পর রাষ্ট্রপক্ষ তাঁকে বৈরী ঘোষণা করে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল প্রদীপের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
জবানবন্দিতে প্রদীপ কুমার দে (৬২) বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তিনি গ্রামের (পাবনা) বাড়িতে ছিলেন। একাত্তরের ৮ মে তিনি লিচু পাড়তে মেগা ঠাকুরের লিচুগাছে ওঠেন। এর কিছুক্ষণের মধ্যে পাকিস্তানি সেনারা ওই বাড়িতে ঢুকে সবাইকে বের করে মারধরের পর মন্দিরের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করায়। এরপর সবাইকে গুলি করে হত্যা করে। সে সময় যাঁরা মারা যান তাঁরা হলেন: মেগা ঠাকুর, দ্বিজু ঠাকুর, কারু ঠাকুর, ষষ্ঠী হালদার, শান্তি হালদার, আদু হালদার, সুরেশ হালদার ও তাঁর কাকা মুরালি সরকার। তবে তারা হালদার নামের একজন বেঁচে যান। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। হত্যাকাণ্ডের সময় সেখানে শুকুর, আফজাল, আসাদ, মোসলেম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ওই ঘটনার ১২-১৪ দিন আগে খোদাবক্স চেয়ারম্যানের বোর্ড অফিসে একটা সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, গ্রাম ছেড়ে কেউ বাইরে যাবে না। সেখানে চেয়ারম্যান ও অন্যরা ছিলেন। জবানবন্দির কোথাও তিনি আসামি নিজামীর নাম বলেননি।
পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাক্ষীর কাছে জানতে চান, ‘আপনি কি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন?’ জবাবে সাক্ষী বলেন, ‘আমার স্মরণ নেই।’
এরপর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, তিনি এই সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা করতে চান। ট্রাইব্যুনাল বলেন, সে ক্ষেত্রে লিখিত আবেদন দিতে হবে। পরে লিখিত আবেদন দেওয়া সাপেক্ষে সাক্ষীকে জেরা করেন মীর ইকবাল হোসেন। তিনি বলেন, ২০১০ সালের ৬ নভেম্বর এই সাক্ষী তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। জবাবে প্রদীপ বলেন, ‘আমার মনে নেই।’ কৌঁসুলি বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে দেওয়া জবানবন্দিতে রফিকুননবী বাবলু, আসাদ, আফজাল, মোসলেম, শুকুর—এঁদের সঙ্গে আপনি নিজামীর নামও বলেছিলেন।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার জেরা হচ্ছে না, বৈরী সাক্ষীকে জেরার ধরন এটা নয়।’
পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, ‘একাত্তরের ৮ মে মেগা ঠাকুরের বাড়িতে হত্যাকাণ্ডের সময় এবং খোদাবক্স চেয়ারম্যানের বোর্ড কার্যালয়ের সভায় নিজামী উপস্থিত ছিলেন, এটা জানা সত্ত্বেও আপনি আসামিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে সত্য গোপন করলেন।’ সাক্ষী বলেন, এটা সত্য নয়।
জেরা শেষে ট্রাইব্যুনাল বলেন, ‘সাজেশনেরও কিছু বুঝলাম না, জেরারও কিছু বুঝলাম না। জেরার কিছু আর্ট আছে, তার মধ্য দিয়ে সত্য-মিথ্যা বের করে আনতে হয়।’ পরে ট্রাইব্যুনাল এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ মে দিন ধার্য করেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে বৈরী ঘোষণা করার ঘটনা এটিই প্রথম।