নিজেদের সুবিধায় আইনের সংশোধন চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে পুলিশ। তারা নিজেদের সুবিধার্থে এ আইনের সংজ্ঞা ও তদন্ত কার্যক্রমে পরিবর্তন, সাজা কমানোর প্রস্তাব দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবটিতে আইনের অধিকাংশ ধারার পরিবর্তন ও বাতিলের সুপারিশ করা হয়েছে।
নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ অথবা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতা দিতে এ আইন করা হয়েছিল। পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী ২০০৯ সালে জাতীয় সংসদে বেসরকারি বিল হিসেবে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল উত্থাপন করেছিলেন। অনেক যাচাই-বাছাই শেষে ২০১৩ সালে বিলটি সংসদে পাস হয়। ২০টি ধারা-সংবলিত এ আইনে আইন প্রয়োগকারী সংস্থাসহ অন্য সব ধরনের সরকারি হেফাজতে নির্যাতন ও হত্যার শাস্তি এবং বিচারের প্রক্রিয়া বর্ণিত হয়েছে।
কিন্তু দুই বছর পর যখন সারা দেশে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যুর ঘটনা এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগ বাড়ছে, তখন এ আইনের ১৪টি ধারা ও উপধারায় সংশোধনী চাইছে পুলিশ। সাতটি ধারা বিলুপ্ত ও এ কটি নতুন ধারা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে।
আইন সংশোধনের প্রস্তাবটি সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে চিঠিটি পাঠান সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক এবং আইন শাখা এ নিয়ে কাজও শুরু করেছে। এ বিষয়ে মতামত তৈরি করা হচ্ছে। সংশোধনের জন্য এটি প্রথমে আইন মন্ত্রণালয়ে এবং পরে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।
পুলিশের বেআইনি আচরণ, অত্যাচার-নির্যাতন থেকে রক্ষায় এই বিল আনা হলেও এখন পুলিশ নিজেদের মতো করে আইনটির সংশোধনী চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।
প্রস্তাবে বলা হয়েছে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে মিথ্যা মামলার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী বিভিন্ন বেসামরিক সংস্থার ওপর অর্পিত দায়িত্ব পালন এর ফলে বাধাগ্রস্ত হবে। এ আইনের কারণে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগ ইত্যাদি ধ্বংসাত্মক কার্যক্রম থেকে জনসাধারণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার আশঙ্কা থেকে যায়।
প্রস্তাবে বলা হয়, মানবাধিকার সমুন্নত রাখতে এ আইনের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রণীত আইনে আইন ও বিচারব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয়, এমন ধারা সংযোজিত হয়েছে। এ আইনে মামলা দায়ের, তদন্ত কার্যক্রম, সর্বোচ্চ ও সর্বনিম্ন শাস্তি অনুযায়ী জামিন প্রাপ্তি ইত্যাদি বিষয়ে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন বিধান যুক্ত করা হয়েছে।
আইজিপি এ কে এম শহীদুল হক গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘দেশে প্রচলিত যে মূল আইন, যে আইনে আদালত চলে, সে আইন অর্থাৎ ফৌজদারি কার্যবিধির সঙ্গে অসংগতিপূর্ণ কতগুলো ধারা আইনটিতে সংযোজন করা হয়েছে। আইনটি নিয়ে সংসদে যেভাবে আলোচনা হওয়া দরকার, তা হয়নি, সংসদীয় কমিটিতে যায়নি। এ জন্য আইনটিতে অনেক ত্রুটি-বিচ্যুতি হয়েছে। এ আইনের বিষয়ে অনেক সাংসদই জানেন না। তাই আমরা এ অসংগতিগুলো দূর করতে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’
আইনে ‘হেফাজতে মৃত্যু’ বলতে সরকারি কোনো কর্মকর্তার হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু, অবৈধ আটকাদেশ, আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারের সময় কোনো ব্যক্তির মৃত্যুকেও বোঝানো হয়েছে। কিন্তু সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, কেবল সরকারি কর্মকর্তার হেফাজতে থাকাকালে নির্যাতনের কারণে কোনো ব্যক্তির মৃত্যু অথবা গ্রেপ্তারের সময় ফৌজদারি কার্যবিধি এবং অন্য কোনো প্রচলিত আইনের বিধানের অধীনের কৃতকাজ ব্যতিরেকে মৃত্যু। ক্ষতিগ্রস্ত অথবা সংক্ষুব্ধ ব্যক্তি বলতে যাকে এ আইনের অধীনে বা তার সঙ্গে সংশ্লিষ্ট কারও ওপর নির্যাতন করা হয়েছে, তাকে বোঝাবে। আইনে থাকা ‘বা উদ্বিগ্ন কারও ওপর নির্যাতন করা হয়েছে’ শব্দগুলো বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মানসিক নির্যাতনকে ‘নির্যাতন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মানসিক নির্যাতন নিরূপণের সুনির্দিষ্ট কোনো মানদণ্ড না থাকায় আইনটি বাস্তবায়নে প্রায়োগিক জটিলতা সৃষ্টি হচ্ছে। এ আইনের কারণে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখা, অপরাধীকে গ্রেপ্তার করা ও আদালতে সোপর্দ করার ক্ষেত্রে সঠিক কার্যকর ভূমিকা পালনে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আইনটির সংজ্ঞায় ‘আইন প্রয়োগকারী সংস্থা’ অর্থ পুলিশ, র্যা ব, বিজিবি, কাস্টমস, ইমিগ্রেশন, অপরাধ তদন্ত বিভাগ, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ দেশে আইন প্রয়োগ ও বলবৎকারী সরকারি কোনো সংস্থা। প্রস্তাবে বলা হয়েছে, ‘আইন প্রয়োগকারী সংস্থা অর্থ বাংলাদেশ পুলিশ, বিজিবি, কাস্টমস, ইমিগ্রেশন, আনসার ভিডিপি, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন ও সরকারি অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা’।
পুলিশ সদর দপ্তরের প্রস্তাবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংসদ সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ আইন করার আগে সংসদীয় স্থায়ী কমিটিতে আমরা বিশেষজ্ঞ হিসেবে সুলতানা কামাল, আমীর-উল ইসলাম, অ্যাটর্নি জেনারেল ও আবদুল মতিন খসরুর মতামত নিয়েছি। এ-সংক্রান্ত বিদেশি আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ধারণা নিয়েছি। আইনটি হুট করে করা হয়নি।’ তিনি বলেন, ‘আমি আইনটি এনেছিলাম একজন ভিকটিম হিসেবে, আমি তো জানি হেফাজতে কী হয়।’
নির্যাতন ও হেফাজতের সংজ্ঞা: আইনে বলা আছে, ‘নির্যাতন’ অর্থ কষ্ট হয় এমন ধরনের ‘শারীরিক ও মানসিক নির্যাতন’। এর মধ্যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য অথবা স্বীকারোক্তি আদায়ে, সন্দেহভাজন অথবা অপরাধী কোনো ব্যক্তিকে শাস্তি প্রদানে শব্দগুলো ঠিক রেখে, ‘কোনো ব্যক্তি অথবা তার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, বৈষম্যের ভিত্তিতে কারও প্ররোচনা বা উসকানি, কারও সম্মতিক্রমে অথবা নিজ ক্ষমতাবলে কোনো সরকারি কর্মকর্তা অথবা সরকারি ক্ষমতাবলে—এরূপ কাজও নির্যাতন বলে গণ্য করা হয়’ এসব কথা এবং ‘মানসিক নির্যাতন’ শব্দ বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
আদালতে অপরাধের অভিযোগ: আইনে বলা হয়েছে, এ আইনের এখতিয়ারাধীন কোনো আদালতের সামনে কোনো ব্যক্তি যদি অভিযোগ করে যে তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে আদালত ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধসহ তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দিতে পারবেন। কিন্তু সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে ‘কোনো থানা বা ম্যাজিস্ট্রেট আদালতের সামনে’।
মামলা দায়েরের নির্দেশ: আইনের ৫ ধারায় আছে, সংক্ষুব্ধ ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধের পর তা পুলিশ সুপারের কাছে পাঠানো হবে এবং মামলা দায়েরের আদেশ দেওয়া হবে। আদেশ পাওয়ার পর পুলিশ তদন্ত করে প্রতিবেদন (চার্জ বা চার্জবিহীন) দেবে। তবে সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করেন যে পুলিশের মাধ্যমে সুষ্ঠুভাবে তদন্ত সম্ভব নয়, তবে তিনি আদালতে আবেদন করবেন এবং আদালত যদি সন্তুষ্ট হন, তবে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারবেন।
প্রস্তাব করা হয়েছে, পুলিশ সুপার আদেশ পাওয়ার পর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা রুজু ও তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চার্জ বা চার্জবিহীন প্রতিবেদন পেশ করবেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, পুলিশ প্রতিবেদন দেওয়ার পর যদি সংক্ষুব্ধ ব্যক্তি মনে করেন যে পুলিশ প্রতিবেদন যথার্থ নয়, সে ক্ষেত্রে তিনি যদি আদালতে আবেদন করেন এবং আদালত যদি তাঁর আবেদনে সন্তুষ্ট হন, সে ক্ষেত্রে আদালত একজন ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্তের নির্দেশ দিতে পারবেন।
অভিযোগের অপরাপর ধরন ও বিচার: ৭ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও তৃতীয় কোনো ব্যক্তি দায়রা জজ আদালতে অথবা পুলিশ সুপারের নিচে নয় এমন কোনো পুলিশ কর্মকর্তার কাছে নির্যাতনের অভিযোগ দিতে পারবে। কিন্তু সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও তৃতীয় কোনো ব্যক্তি থানা বা ম্যাজিস্ট্রেট আদালতে নির্যাতনের অভিযোগ দিতে পারবে। এই ধারার ২ ও ৩ উপধারা বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে। এ দুই উপধারায় বলা হয়েছে, অভিযোগ পেয়ে পুলিশ সুপার মামলা করবেন ও অভিযোগের ব্যাপারে কী কী করা যায়, তা অভিযোগকারীকে বলবেন। এ ছাড়া অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে দায়রা জজ আদালতে একটি প্রতিবেদন দেবেন পুলিশ সুপার।
ধারা ১০-এ আছে, এ আইনের অধীনে সব অপরাধ বিচারার্থে গ্রহণীয়, অ-আপসযোগ্য ও জামিন-অযোগ্য হবে। কিন্তু পুলিশের প্রস্তাবে বলা হয়েছে, অপরাধকে জামিনযোগ্য ও আপসযোগ্য হিসেবে বিবেচিত করা হবে।
নিরাপত্তা, যুদ্ধ বা অন্য ধরনের অজুহাত: আইনের ১১(৪) ধারায় আছে, কোনো মামলা নিষ্পত্তিকালে আদালত প্রয়োজনে ওই ব্যক্তির বিরুদ্ধে অন্যূন সাত দিনের অন্তরীণ আদেশ দিতে পারবেন। পুলিশ এটি বিলুপ্তি চেয়েছে। এ আইনের অধীনে কৃত কোনো অপরাধ, যুদ্ধাবস্থা, যুদ্ধের হুমকি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা জরুরি অবস্থায় অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারি কর্তৃপক্ষের আদেশে করা হয়েছে, এরূপ অজুহাত অগ্রহণযোগ্য হবে—এ ধারাও বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়েছে।
শাস্তি: আইনে আছে, কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে অন্যূন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সংশোধনীতে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের কথা বলা হয়েছে।
আইনে আছে, নির্যাতনের সময় যদি কেউ মৃত্যুবরণ করেন, তাহলে নির্যাতনকারী অন্যূন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অন্যূন এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া এর অতিরিক্ত দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত, সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবেন। সংশোধনীতে সর্বোচ্চ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং জরিমানা ও ক্ষতিপূরণ একই রাখার প্রস্তাব করা হয়েছে।
কোনো ব্যক্তি এ আইনে দোষী হলে অন্যূন দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সংশোধনীতে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে। আইনে আছে, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে দণ্ড ঘোষণার দিন থেকে ১৪ দিনের মধ্যে দণ্ডিত অর্থ বিচারিক আদালতে জমা দিতে হবে। সংশোধনীতে এ সময় ৩০ দিন করার প্রস্তাব করা হয়েছে।
শাস্তির চারটি ধারায় যেসব স্থানে কোনো ব্যক্তির উল্লেখ করা হয়েছে সেখানে কোনো সরকারি কর্মকর্তা বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য করার প্রস্তাব করা হয়েছে।
মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি: আইনে এ ধারা যুক্ত করার প্রস্তাব করে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতির জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে এ আইনের অন্য কোনো ধারার অধীনে মামলা বা অভিযোগ করার জন্য কোনো আইনানুগ কারণ নেই জেনেও মিথ্যা মামলা বা অভিযোগ করেন বা করান, তাহলে মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি এ আইনের যে অপরাধের জন্য অভিযোগ করেছেন, ওই অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির দুই ভাগের এক ভাগ দণ্ডে দণ্ডিত হবেন।