ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী
নিজেদের সুশিক্ষিত যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেদের সুশিক্ষিত ও ভবিষ্যতের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ছাত্রলীগের নবনির্বাচিত কর্মকর্তা এবং সম্মেলনে আগত কাউন্সিলর ও ডেলিগেটরা গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, দেশ চালাতে হলে সুশিক্ষিত নেতৃত্ব প্রয়োজন। অশিক্ষিত নেতৃত্ব শুধু রাষ্ট্রীয় সম্পদ লুট এবং দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে। তারা দেশকে কিছুই দিতে পারে না।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বিশিষ্ট তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ও কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়, ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ ও বিদায়ী সভাপতি মাহমুদ হাসান রিপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদুল হায়দার চৌধুরী।ছাত্রলীগের নবনির্বাচিত কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী ছাত্রলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রলীগ সব সময়ই ইতিহাস সৃষ্টি করে। স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব দেশে নির্বাচনের ক্ষেত্রে এক নতুন ধারার সৃষ্টি করল।প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের পরামর্শ দিয়ে বলেন, ‘তোমাদের প্রথম কাজ লেখাপড়া করে পরীক্ষায় ভালো ফল করা।’ তিনি এর পাশাপাশি সংগঠনের সঙ্গে নিজেদের সংশ্লিষ্ট রাখারও পরামর্শ দেন।শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ। কী পেলাম, এটা বড় বিষয় নয়। দেশ ও জনগণকে কী দিতে পারলাম, সেটাই বড় বিষয়।’প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ছাড়া একটি দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। আমাদের দেশে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র ছিল না বলেই কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি।’ আর যাতে কেউ জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে তিনি সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনের কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকেরা সঙ্গিনের খোঁচায় সংবিধানকে ক্ষত-বিক্ষত করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল। সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার সুযোগ পাওয়া গেছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান।১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত ছাত্রলীগের কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে বদিউজ্জামান সোহাগকে সভাপতি এবং সিদ্দিকী নাজমুল আলমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।