বন না বাঁচলে জীববৈচিত্র্য ও আদিবাসীদের রক্ষা করা যাবে না। নিজেদের জন্যই বন ও পরিবেশকে রক্ষা করা প্রয়োজন। কিন্তু বন-পাহাড় উজাড় করে নিজেরাই নিজেদের বিপন্ন করে ফেলছি।গতকাল শনিবার মৌলভীবাজার জেলার বন, জীববৈচিত্র্য, আদিবাসীদের রক্ষার দাবিতে নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জেলা শহরের সাইফুর রহমান মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম, খাসি ওয়েলফেয়ার সোসাইটি, কুবরাজ ও গ্রিন প্ল্যানেট।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, জেলা জাসদের সভাপতি আবদুল হক, ফাদার এমডি মুরায়েস ও জাফলং খাসিয়া পুঞ্জির নেরলা তাংচন।সাংসদ মহসীন আলী বলেন, ‘গাছ না থাকলে আমরা বাঁচতে পারব না। বন ও পরিবেশ রক্ষার স্বার্থেই আদিবাসীদের রক্ষা করা দরকার।’আওয়ামী লীগের নেতা নেছার আহমদ বলেন, ‘যারা নিজেদের লাভের জন্য গাছ কেটে বন উজাড় করেছে, পরিবেশ নষ্ট করেছে; তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’কুবরাজের সাধারণ সম্পাদক বাবলী তালাং বলেন, ‘জীবিকার তাগিদেই গাছকে আমরা সন্তানের মতো লালন করি। কিন্তু আজকে আমরা পুঞ্জি থেকে উচ্ছেদ হচ্ছি। নাহার ও ঝিমাই পুঞ্জিতে গাছ কাটা হচ্ছে। গাছ কাটা মানে আদিবাসী খাসিয়াদের মেরে ফেলা। আদিবাসীরা না থাকলে বন ও জীববৈচিত্র্য থাকবে না।’আদিবাসী ফেডারেশনের সভাপতি মণিকা খংলা বলেন, ‘আমাদের ভূমির অধিকার নেই, অধিকার দিতে হবে। ভূমি না থাকলে বন ও জীবিকা রক্ষা করতে পারব না।’আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘গাছ লাগালেই পরিবেশ রক্ষা করা হয় না। পরিবেশের জন্য প্রাকৃতিক বন রক্ষা করতে হবে। পরিবেশ বিপর্যয়ের কারণে সুনামি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে।’সভাপতির বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘অনেকে বলেছেন আমাদের প্রয়োজনে আদিবাসীদের রক্ষা করতে হবে। আদিবাসীরা কারও প্রয়োজনে নয়, তারা বাঁচবে নিজেদের প্রয়োজনে। বাঁচার অধিকার তাদের নিজেদের। সেটা তারা পারবে।’সুলতানা কামাল আরও বলেন, ‘পরিবেশ বিপর্যয় আজ বড় ধাক্কা দিচ্ছে। পরিবেশ বিপর্যয় থেকে বন, জীববৈচিত্র্য ও প্রতিটি নৃ-গোষ্ঠীকে রক্ষা করতে হবে। সিডরের বিশাল আঘাত থেকে বন আমাদের অনেক রক্ষা করেছিল। যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল, তা হয়নি। এ থেকে শিক্ষা নিয়ে সবাইকে বাঁচার সহজ উপায় গ্রহণ করতে হবে।’অন্যদের মধ্যে বাপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন, আদিবাসী পরিবেশ আন্দোলনের সমন্বয়ক শরীফ জামিল, ঝিমাই পুঞ্জির রানা সুরন, নাহার পুঞ্জির অনিল জয় ডিকার ও পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) সভাপতি গৌরাঙ্গ পাত্রসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে বৃহত্তর সিলেটের বিভিন্ন পুঞ্জি থেকে আদিবাসীরা যোগ দেন।