নিজেদের স্বার্থেই বন্য প্রাণী সংরক্ষণ করতে হবে
বাংলাদেশে কত প্রজাতির কী কী ব্যাঙের বসতি রয়েছে, জানতে চাইলে বেশির ভাগ মানুষই উত্তরে হয়তো বলবেন, কুনো ব্যাঙ বা কোলা ব্যাঙের কথা। কিন্তু কেউ কি কটকটি ব্যাঙের নাম শুনেছেন, বা ঝিঁঝি ব্যাঙ? প্রাণিবিজ্ঞানের শিক্ষার্থী ছাড়া বেশির ভাগ মানুষ হয়তো ভাবতেও পারবেন না, বাংলাদেশে ৪২ প্রজাতির ব্যাঙের বসবাস রয়েছে। বিশিষ্ট প্রাণী-বিশেষজ্ঞ রেজা খানের সদ্য প্রকাশিত বাংলাদেশের বন্যপ্রাণী বইটিতে এমনই অনেক নাম না জানা প্রাণীর নাম ও আলোকচিত্র স্থান পেয়েছে। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দুবাই চিড়িয়াখানার বন্য প্রাণী ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রেজা খানের ওয়াইল্ড লাইফ অব বাংলাদেশ: ফ্রম এমফিবিয়া টু ম্যামালিয়া এ চেকলিস্ট বইটির মোড়ক উন্মোচন হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক এই শিক্ষকের লেখা বইটিতে বাংলাদেশের ১২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১৫৭ প্রজাতির সরীসৃপ ও ৭১৮ প্রজাতির পাখির নাম বাংলা ও ইংরেজিতে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইদানীং চিড়িয়াখানা ও সংরক্ষিত বন ছাড়া দেশে বন্য প্রাণী দেখতে পাওয়া রীতিমতো সৌভাগ্যের ব্যাপারে পরিণত হয়েছে। কালেভদ্রে কেউ যদি কোনো বন্য প্রাণী দেখতে পান, তাহলে তাকে চেনা কঠিন কাজ। এখনো চার পাশের পরিবেশে টিকে থাকা বন্য প্রাণী দেখলে উৎসাহিত হয়ে ওঠেন, বনে-বাদাড়ে বিপন্নপ্রায় বন্য প্রাণী দেখতে ছুটে যান, এমন মানুষদের নিয়ে রেজা খান তাঁর বইটি লিখেছেন।’ কেউ বনে গিয়ে কোনো বন্য প্রাণী দেখে যাতে চিনতে পারেন, সে জন্য ২০০টি প্রাণীর রঙিন আলোকচিত্র রয়েছে এই বইতে। ১৯৮২ সালে রেজা খানের লেখা এর আগের বইটিতে শুধু ১৯ প্রজাতির ব্যাঙ, ১২৯ প্রজাতির সরীসৃপ, ৫৭৮ প্রজাতির পাখি ও ১১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর নাম স্থান পেয়েছিল। গত ২৮ বছরে রেজা খান আরও যেসব প্রাণীর নাম ও আলোকচিত্র পেয়েছেন, তা এই নতুন বইটিতে যুক্ত করা হয়েছে। এই প্রথমবারের মতো প্রতিটি প্রাণীর বাংলা নামও স্থান পেয়েছে বইতে। বইটি সম্পর্কে রেজা খান বলেন, ‘দেশে এমন অনেক বন্য প্রাণী আছে যার একেক এলাকায় একেক নাম। প্রতিটি নামের পেছনেই মজার সব ইতিহাস রয়েছে। যতগুলো নাম মাঠ পর্যায়ে পাওয়া গেছে তার সবগুলোই বইটিতে যুক্ত করা হয়েছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামিরেটস কাজী জাকের হোসেন বলেন, দেশের বন্য প্রাণী রক্ষায় একটি আলাদা বিভাগ গড়ে তুলতে হবে। পাঠ্যসূচিতে বন্য প্রাণীর ওপর সচেতনতামূলক লেখা অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘অ্যানথ্রাক্সের মতো রোগ আগেও ছিল। কিন্তু তখন শকুনের মতো বন্য প্রাণীর কারণে এই রোগ ছড়াত না। মৃত গরু খেয়ে শকুন হজম করে ফেলত। দেশের বন্য প্রাণী বিপন্ন হওয়ায় প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগব্যাধি। ফলে আমাদের নিজেদের স্বার্থেই বন্য প্রাণী রক্ষা করতে হবে।’