নিজেদের 'মাইনরিটি' ভাববেন না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলাকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। মাথা উঁচু করে বাঁচবেন, মাথা নিচু করে নয়।

আজ শুক্রবার বিকেলে বনানী মডেল হাইস্কুল মাঠে গারো ঐতিহ্যবাহী ওয়ান গালা উদ্‌যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং কঠোরভাবে মোকাবিলা করবে। আপনারা ভয়কে জয় করবেন। আপনাদের উদ্বেগের কোনো কারণ নেই। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। কোনো অবস্থাতেই আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না।
ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—আমাদের সবার সমান অধিকার। এখানে কেউ মেজরিটি-মাইনরিটি বলে সমান অধিকার পাচ্ছে না। সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে। তিনি বলেন, মাথা উঁচু করে বাঁচবেন, মাথা নিচু করে নয়। ভয়কে জয় করতে হবে।
আওয়ামী লীগের ২০তম সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দুর্গম দুর্গাপুর থেকে রেমন্ড আরেংকে এনে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। আওয়ামী লীগের কমিটি খুবই মর্যাদাসম্পন্ন কমিটি। বিএনপির মতো ৫০০ সদস্যের জাম্বোজেট আকৃতির কমিটি নয়।