জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা চীন ও ভিয়েতনাম সফর করতে চান। সফরের আয়োজন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৫৫২ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে কমিটির সদস্যরা কী উদ্দেশ্যে চীন ও ভিয়েতনাম সফরে যাবেন, সে বিষয়ে কার্যপত্রে কিছু উল্লেখ করা হয়নি।
জানতে চাইলে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সদস্যরা নিজেদের সমৃদ্ধ করতে এই সফরে যাচ্ছেন।’
কার্যপত্র থেকে জানা যায়, সংসদীয় কমিটির সফর সম্পর্কে গত ৩০ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীন ও ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সফরসূচিতে সাংহাইয়ের পরিবর্তে কুনমিং সিটিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। সাংহাইতে বাংলাদেশ মিশনের অফিস না থাকায় এই প্রস্তাব করা হয়েছে।
কমিটির সদস্যরা ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনাম সফর করতে চান। সে জন্য সেখানকার বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে। তাঁরা ভিয়েতনামের রাজধানী হ্যানয়সহ হো চি মিন সিটি ও হা লং বে সফর করবেন।
কার্যপত্রে বলা হয়েছে, চীন ও ভিয়েতনামের বাংলাদেশ মিশনকে ৬ সেপ্টেম্বর থেকে সফরসূচি চূড়ান্ত করাসহ উভয় দেশে অবস্থানকালীন সময়ে হোটেল, যানবাহন, দোভাষী এবং অন্যান্য ব্যয় সম্পর্কে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।
আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকসহ এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আবদুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ ও মো. আবদুল্লাহ অংশ নেন।