নিজের অধিকার সম্পর্কে জানতে হবে নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতনতা ও দায়িত্বশীলতা নারীর মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। নারীদেরও নিজেদের অধিকারের বিষয়ে জানতে হবে। ‘আদিবাসী নারীর মানবাধিকার পরিস্থিতি ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকার টংগ্যা সেমিনারকক্ষে মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশন ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য মোনালিসা চাকমা।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। তিনি বলেন, ‘নারীদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং স্ব স্ব অবস্থানে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে হবে।’ চাকমা সার্কেলে ‘কার্বারি’ (গ্রামপ্রধান) পদে নারীদের নিয়োগ দেওয়াকে নারী আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজ না করে শুধু পদ আগলে থাকলে নারীদের ক্ষতি হবে। তখন মানুষ বলবে নারীদের কার্বারি হিসেবে নিয়োগ দিয়ে কী লাভ হলো?’
বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা বলেন, ‘আমি একজন নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পরও অনেকে আমাকে নারীবাচক শব্দ দিয়ে ডাকে। আমি সব সময় তার প্রতিবাদ করি। নারীরা পুরুষের চেয়ে কম কাজ জানে না, তা আমাদের প্রমাণ করতে হবে।’
কাপেং ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সিলভিয়া খিয়াংয়ের সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, হেডম্যান সান্ত্বনা খীসা, গবেষক ও অধিকারকর্মী মুক্তাশ্রী সাথী চাকমা এবং আইনজীবী শ্রীজ্ঞানী চাকমা। মুক্ত আলোচনায় সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমাসহ নারী হেডম্যান, কার্বারি, উন্নয়ন ও অধিকারকর্মী এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মূল প্রবন্ধে বলা হয়, ২০১৫ সালে সারা দেশে ৮৫ জন ক্ষুদ্র জাতিসত্তার নারী ও কন্যাশিশু শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৪৪ জন পার্বত্য চট্টগ্রামের এবং ৪১ জন সমতলের।