নিজের অস্ত্রের গুলিতে কনস্টেবল নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় দায়িত্বরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে সোলাইমান হোসেন (৩০) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে থানার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত সোলাইমান যশোর কোতোয়ালি থানার দাইতলা গ্রামের মোদাচ্ছের হোসেন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী সহকর্মীরা বলেন, সোলাইমান হোসেন সোমবার থানায় ডিউটি করছিলেন। বেলা পৌনে দুইটার দিকে থানার মধ্যে হঠাৎ করে তিনি গুলিবিদ্ধ হন। তাঁর ব্যবহৃত অস্ত্র থেকে বের হওয়া গুলি বুকের বাম পাশে লাগে। সঙ্গে সঙ্গেই তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির বলেন, প্রাথমিকভাবে তাঁরা সন্দেহ করছেন সোলাইমান আত্মহত্যা করেছেন। মানসিক কোনো কষ্টের কারণে তিনি এটা করতে পারেন। আবার অসাবধানতাবশতও ঘটনাটি ঘটতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।