কারাজীবনের ঘটনা নিয়ে নিজের লেখা কবিতার আবৃত্তি শুনে কাঁদলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই অনুষ্ঠানে নিজেদের আয়ু কমিয়ে এরশাদের আয়ু বৃদ্ধির জন্য প্রার্থনা করলেন দলের মহাসচিব। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এরশাদের লেখা ‘হে আমার জন্মভূমি’ ও ‘কারাগার থেকে রাজপথ’ শীর্ষক গান ও কবিতার দুটি সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কারাবাসের ঘটনা নিয়ে লেখা কবিতা আবৃত্তির সিডি বাজানোর একপর্যায়ে কেঁদে ফেলেন এরশাদ। চোখ মুছে বক্তব্য দিতে আসেন মঞ্চে। তিনি বলেন, ছয় বছর কারাবাসের পর নিজের বাড়ির পেয়ারা গাছের নিচে বসে কবিতাটি লিখেছেন। সিডি দুটির মোড়ক উন্মোচন করেন কবি ফজল শাহাবুদ্দিন। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার কবিতা শুনে নিজের মুগ্ধতার কথা জানিয়ে প্রার্থনা করেন, ‘হে আল্লাহ, আমাদের সবার কাছ থেকে আয়ু নিয়ে আমার নেতার আয়ু বাড়িয়ে দাও।’ এরশাদের কবিতার আবৃত্তিকার ইসমত তোহা বলেন, ‘জীবনে অনেক কবিতা আবৃত্তি করেছি। অনেক পুরস্কারও পেয়েছি। কিন্তু তাঁর (এরশাদ) লেখা কবিতা আবৃত্তি করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)।