‘সপ্তম শ্রেণিতে পড়ার সময় খারাপ বন্ধুর পাল্লায় পড়ে সিগারেট ধরেছিলাম। বড় ভাই কঠিন শাস্তি দিয়েছিলেন। তারপর আর কোনো দিন সিগারেট স্পর্শ করিনি। আমি পেরেছি, আপনারাও পারবেন।’ ঢাকার মিরপুর এলাকার স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থীদের গতকাল রোববার সকালে এসটিএম মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ-সহায়তা দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। অনুষ্ঠানে ক্রিকেট তারকা নাসির এসব কথা বলেন।
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহিত কামাল মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলেন। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের গল্পের মাধ্যমে বলেন, নিজের কাজটি ঠিকভাবে করাই দেশপ্রেম। নেশাজাতীয় দ্রব্য না নেওয়ার পরামর্শ দেন। ৪০০ শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করান তিনি।
বক্তব্য দেন ডেইলি স্টার-এর স্টার ম্যাগাজিনের সম্পাদক ও সংগীতশিল্পী এলিটা করিম। তিনি চট্টগ্রামে কনসার্ট করতে গিয়ে নেশাজাতীয় দ্রব্য নিয়ে নিজের অভিজ্ঞতা এবং কীভাবে নিজেকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে ফিরেছিলেন, তা বর্ণনা করেন।
এলিটা ও সংগীতশিল্পী সন্ধি ‘ঘুরে দাঁড়াও এগিয়ে যাও পাশে তোমার বাংলাদেশ’, ‘কেন যে বোঝে না’, ‘তোমাকে’ শিরোনামে তিনটি গান গেয়ে শোনান। সভাপতিত্ব করেন স্কলাস্টিকা স্কুলের ভাইস প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ। স্কলাস্টিকা লিমিটেডের যোগাযোগ সমন্বয়ক জিয়া হাশান, প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল উপস্থিত ছিলেন।