নিজের কিডনি বিক্রি করতে গিয়ে ব্যবসায় নামেন মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি ব্যবসার দালালচক্রের সঙ্গে জড়িত অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হওয়া মাহমুদুর রহমান সুজন ও নাফিজ মাহমুদ কিডনি কেনা-বেচা ও পাচারের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।জয়পুরহাটের কালাই থানায় গতকাল শুক্রবার মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেছেন, আর্থিক অনটনে পড়ে নিজের কিডনি বিক্রি করতে গিয়েই তিনি ওই চক্রের হোতা তারেকের সঙ্গে জড়িয়ে পড়েন। আর নাফিজকে আন্তর্জাতিক কিডনি পাচারকারীচক্রের এ দেশীয় প্রতিনিধি বলে পুলিশ দাবি করলেও সাংবাদিকদের কাছে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। কালাই থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাজধানীর দুটি স্থান থেকে মাহমুদুর রহমান ও নাফিজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার ভোরে তাঁদের কালাই থানায় আনা হয়। কিডনি ব্যবসার ঘটনায় কালাই থানায় দায়ের হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর পর সকালে তাঁদের স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি করা হয়। বেলা ১১টার দিকে জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে দ্বিতীয় দফায় তাঁদের সাংবাদিকদের মুখোমুখি করা হয়।মাহমুদুর রহমান কালাই থানায় সাংবাদিকদের বলেন, ভালোবেসে বিয়ে করার পর পরিবার মেনে না নেওয়ায় প্রচণ্ড আর্থিক সংকটে পড়েন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকি ৎসার টাকা জোগাতে ২০০৬ সালে পত্রিকায় বিজ্ঞাপন দেখে কিডনি বিক্রির জন্য তারেকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এক লাখ ২৫ হাজার টাকায় চুক্তি হয় তারেকের সঙ্গে। তারেকের মাধ্যমে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে গিয়ে কিডনি দেন। দেশে ফিরে তিন কিস্তিতে তাঁকে এক লাখ ১০ হাজার টাকা দেন তারেক। টাকার জন্য তারেকের ফকিরেরপুল অফিসে যাওয়া-আসার একপর্যায়ে তাঁকে চাকরির প্রস্তাব দেন তারেক। চাকরি নেওয়ার পর রোগী ও কিডনিদাতার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, টিস্যু টাইপিং, রিপোর্ট সংগ্রহ ও পাসপোর্ট-ভিসা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।মাহমুদুর রহমান বলেন, ‘চাকরি নেওয়ার কিছুদিন পর একজন রোগী ও কিডনিদাতার সঙ্গে আমাকে ভারতে নিয়ে যান তারেক। টিস্যু টাইপিং না মেলার পরও রোগীর শরীরে ওই দাতার কিডনি প্রতিস্থাপন নিয়ে তারেকের সঙ্গে আমার বাগিবতণ্ডা হয়। এরপর দেশে ফিরে তারেকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই। সম্ভবত তারেকের সঙ্গে কাজ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে ফাঁসাতে চাইছেন।’নাফিজ মাহমুদ সাংবাদিকদের কাছে দাবি করেন, কিডনি কেনা-বেচার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন। ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে।নাফিজ বলেন, মাসিক ৩০ হাজার টাকা বেতনে ২০১০ সালে তিনি কলম্বিয়া-এশিয়া হাসপাতালের বাংলাদেশি পরামর্শক হিসেবে চাকরি নেন। বাংলাদেশে এই হাসপাতালের কোনো শাখা না থাকলেও রয়েছে নিজস্ব পরামর্শককেন্দ্র। গত দেড় বছরে এ পরামর্শককেন্দ্রে ১০৮ জন পরামর্শ নিতে এসেছেন। তাঁদের মধ্যে কিডনি প্রতিস্থাপনে সাতজন রোগীকে দাতাসহ বৈধভাবে ভারতে পাঠাতে সহযোগিতা করেছেন তিনি।তারেক ও সাইফুলের স্বীকারোক্তি প্রসঙ্গে নাফিজ বলেন, ‘তারেক হাসান নামের এক ব্যক্তি কিছুদিন আগে এক রোগীর আত্মীয় পরিচয়ে একজন কিডনি বিক্রেতার সঙ্গে আমার পরামর্শককেন্দ্রে আসেন। সব জানার পর আমি তাঁকে দ্বিতীয়বার অফিসে আসতে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে তারেক কিডনি ব্যবসার সঙ্গে আমার নাম জড়িয়ে দিতে পারেন। আর সাইফুল ইসলাম দাউদ নামের কাউকে আমি চিনি না।’তবে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, নাফিজ মাহমুদ ও মাহমুদুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি না হলে রিমান্ডের আবেদন জানানো হবে।