হল-মার্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার ওই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর ভায়রা তুষার আহমেদকে গতকাল বুধবার তাঁদের নিজস্ব গাড়িতে করে কারাগার থেকে ঢাকার আদালতে নেওয়া হয়েছে। এমনকি তানভীরকে আদালতের হাজতখানায় না রেখে অন্য একটি কক্ষে রাখা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। গতকাল এ দুই আসামিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।
এ ব্যাপারে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক মোফাখখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তানভীর ও তুষারকে তাঁদের নিজেদের গাড়িতে করে কারাগার থেকে আদালতে আনা হয়। এর আগেও তাঁদের নিজেদের গাড়িতে করে আদালতে আনা হয়েছে। তবে মামলার অপর চার আসামিকে প্রিজন ভ্যানে করে সাধারণ আসামিদের সঙ্গে আদালতে আনা ও নেওয়া হয়।
কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছিল, কর্মকর্তা-কর্মচারীদের উৎকোচ, অনিয়ম, অনৈতিক কার্যক্রম ও কারাবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে কাশিমপুর কারাগারে। এসব অনিয়মের মধ্যে আছে, উৎকোচের বিনিময়ে আসামিদের প্রিজন ভ্যানের বদলে বেসরকারি বিলাসবহুল মাইক্রোবাসে করে আনা-নেওয়া করা হয়। বিষয়টি নিয়ে গত ২৯ অক্টোবর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আসামিদের কারাগার থেকে আদালতে আনা এবং কারাগারে ফেরত নেওয়ার দায়িত্ব পুলিশের। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘আমরা প্রিজন ভ্যানের বাইরে কোনো আসামিকে আনা-নেওয়া করি না।’

যদিও তানভীরের গাড়িচালক রবিউল ইসলাম গতকাল আদালত চত্বরে প্রথম আলোকে বলেন, ‘আমি তানভীর স্যারকে তাঁর নিজের গাড়িতে করে কারাগার থেকে আদালতে এনেছি। এর আগেও স্যারকে একাধিকবার এই গাড়িতে করে এনেছি।’
প্রথম আলোর পক্ষ থেকে ঘটনাটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এমন ঘটনা তো হতে পারে না। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, তানভীরকে তাঁর নিজস্ব গাড়িতে করে আদালতে নিয়ে যাওয়া হয় কি না, তা তাঁর জানা নেই।
মহানগর দায়রা জজ আদালতে হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলার বিচার চলছে। মামলাগুলোর প্রধান আসামি হলেন তানভীর ও তুষার। গতকাল এই আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আদালত ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা অপর ২৭টি মামলার বিচার চলছে। সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় এসব মামলা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে গাড়িচালক রবিউল ইসলাম কালো কাচের মাইক্রোবাসে করে তানভীরকে আদালতে নিয়ে আসেন। তানভীরের ভায়রা তুষারকেও কারাগার থেকে আদালতে নিয়ে আসেন তাঁর গাড়িচালক। তানভীরের গাড়িতে পুলিশের পাঁচ কনস্টেবলকে দেখা গেছে। তাঁদের দুজন হলেন রবিউল ও মোকলেছ। তুষারের গাড়িতেও কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। কনস্টেবল মোকলেছ ও রবিউল প্রথম আলোকে বলেন, ‘আমরা কাশিমপুর কারাগার থেকে এসেছি।’ বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এজলাস থেকে প্রথমে তুষার এসে তাঁর গাড়িতে ওঠেন। এরপর আসেন তানভীর। তাঁদের সঙ্গে ছিলেন হাজতখানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক জাহিদ।

তানভীর হাজতখানায় ছিলেন না: আইন অনুযায়ী, কারাগার থেকে আসামিদের আদালতে আনা হলে প্রথমে হাজতখানায় রাখা হয়। কিন্তু হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীরকে গতকাল মহানগর দায়রা জজ আদালতের পঞ্চম তলার পশ্চিম পাশের একটি কক্ষে রাখা হয়। বিকেল চারটার দিকে শুনানি শুরুর আগে এজলাসে নেওয়ার আগ পর্যন্ত সেখানেই তিনি ছিলেন। দুপুরের খাওয়াও সেখানে সেরেছেন। তাঁর পাহারায় ছিলেন কনস্টেবল আতিকুর রহমান। বেলা সাড়ে তিনটার দিকে হাজতখানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মোফাখখারুলের কাছে তানভীর কোথায় আছেন জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘হাজতখানায় আছেন।’ কিন্তু ৩০ মিনিট হাজতখানার সামনে অপেক্ষা করেও তানভীরকে দেখা যায়নি। তখন এই প্রতিবেদক বিকেল চারটার দিকে মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার সিঁড়ির কাছে তানভীরকে দুজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখেন। পাশেই ছিলেন এসব মামলায় জামিনে থাকা তাঁর স্ত্রী জেসমিন। কিছুটা দূরে ফটকের কাছে ছিল পুলিশ। পরে তানভীর আদালতকক্ষে ঢোকেন। এ সময় পুলিশ কর্মকর্তা মোফাখখারুল বলেন, ‘তানভীর হাজতে ছিলেন না, তা আমার জানা ছিল না।’
ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তানভীরের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘আসামির ব্যক্তিগত গাড়িতে করে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করার কোনো নিয়ম নেই। কিন্তু আমার জানামতে, ঢাকার সাবেক মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে তানভীরের অসুস্থতার বিষয়টি বিবেচনা করে প্রিজন ভ্যানের পরিবর্তে তাঁকে অ্যাম্বুলেন্সে করে আনা-নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। অ্যাম্বুলেন্সে করে তাঁকে আনা-নেওয়ার বিষয়ে নির্দেশনা ছিল বলে মনে পড়ে।’