নিজের গড়া মসজিদ উদ্বোধন করা হলো না তৈয়বুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই চিকিৎসকের মধ্যে তৈয়বুর রহমানের (৫৫) বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের নিজ ভোগডাবুরী (চিলাহাটি) গ্রামে। তৈয়বুর রহমানের মৃত্যুতে গোটা চিলাহাটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে তৈয়বুর পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব ছুটে যান দিনাজপুরে।চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, চিকিৎসক তৈয়বুর রহমান প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয়ের পাশে একটি মসজিদ নির্মাণ করেছেন। আগামী শুক্রবার মসজিদটি তাঁর উদ্বোধনের কথা ছিল। ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া তৈয়বুর রহমানের বাল্যবন্ধু। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রথম শ্রেণী থেকে তৈয়বুর আমার বন্ধু। দীর্ঘদিন আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। তাঁর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না।’রাজ্জাক বসুনিয়া জানান, এলাকার মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তৈয়বুর গরিব মানুষকে সাহায্যও করতেন। এলাকায় তিনি একটি ক্লিনিকের জন্য ভবনও নির্মাণ করেছেন। ২০১১ সালের নভেম্বরে অবসরে গিয়ে তৈয়বুরের এই ক্লিনিক চালু করার কথা ছিল। আবদুর রাজ্জাক আরও জানান, তৈয়বুর ১৯৭০ সালে চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। ১৯৭৯ সালে তৈয়বুর এমবিবিএস পাস করেন।তৈয়বুর রহমানের ছোট ভাই বিটিসিএলের কর্মকর্তা আতিকুর রহমান জানান, তাঁরা সাত ভাই ও পাঁচ বোন। ভাইদের মধ্যে তৈয়বুর ছিলেন তৃতীয়। তৈয়বুর রহমানের স্ত্রী আয়শা আক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট। এই দম্পতির দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে।চিকিৎসক তৈয়বুরের মৃত্যুতে নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, বিএমএর নীলফামারী জেলা সভাপতি মমতাজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।