রাজধানীর রায়েরবাজার এলাকায় নিজের ঘরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রোববার গভীর রাতে তিন প্রতিবেশী ওই নারীকে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলো হিউম্যান হলার লেগুনাচালক লিটন, ওই গৃহবধূর পাশের বাড়ির কেয়ারটেকার জনি এবং বেকার বাবু।
ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে সেবা দেওয়া হচ্ছে।
গত সোমবার রাতে ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, রায়েরবাজার এলাকায় একটি ভবনের তিনতলার একটি কক্ষে তিনি ও তাঁর স্বামী ভাড়া থাকেন। ওই ভবনের একেকটি কক্ষে একটি করে পরিবার থাকে। তিনি বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। স্বামী রডমিস্ত্রি। গত রোববার তাঁর স্বামী গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রাতে ওই নারী ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা রেখে বারোয়ারি (কমন) বাথরুমে যান। এর মধ্যেই দুর্বৃত্তরা তাঁর ঘরে ঢুকে লুকিয়ে ছিল। তিনি ঘরে ঢোকামাত্র তিনজন তাঁর গলায় বঁটি ধরে দরজা আটকে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন টের পেলে তিন ধর্ষক পালিয়ে যায়।
সোমবার ওই নারী মোহাম্মদপুর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ওই নারীর অভিযোগ পাওয়ার পরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদের সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।