নিজের ঘের বাঁচাতে গ্রামবাসীকে ভাসালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক ঘের মালিক নিজ স্বার্থ রক্ষা করতে গিয়ে তিন গ্রামের দুই শতাধিক পরিবারকে পানিতে ভাসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ঘের রক্ষা করতে গিয়ে সরকারি রাস্তা কেটে দিয়ে পানি সরিয়ে দেওয়ায় সাধারণ মানুষ পাঁচ দিন ধরে পানিবন্দী হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার ঝিকরা গ্রামের বাসিন্দা ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাগর খানের ঝিকরা বিলে ৫০ বিঘা আয়তনের মাছের ঘের আছে। গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে তাঁর ঘেরে অতিরিক্ত পানি উঠে যায়। এলাকাবাসীর অভিযোগ, ওই ঘেরের মাছ রক্ষা করতে গিয়ে তিনি শেখপাড়া-শ্রীপুর সরকারি সড়কের শ্রীপুর স্থানে রাস্তা কেটে দিলে মুহূর্তেই আওলগাতী, শেখপুরা ও শ্রীপুর গ্রাম তিনটি তলিয়ে যায়।
আওলগাতী গ্রামের হায়দার বলেন, গত রোববার রাতে যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তখন মনা মেম্বার ও আবদুল গণি রাত দুইটার দিকে তাঁদের লোক দিয়ে শ্রীপুর রাস্তা কেটে দেয়। আর তখনই তিনটি গ্রাম পানিতে তলিয়ে যায়।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, গ্রাম তিনটি শেখপাড়া-শ্রীপুর সড়কের পশ্চিমে, আর ঝিকরা বিলটি সড়কের পূর্ব পাশে অবস্থিত। গ্রাম তিনটির প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। মানুষ গবাদিপশু নিয়ে একই ঘরে বসবাস করছে। গ্রামগুলোর কাঁচা বাড়িগুলো ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে।
নেহালপুর গ্রামের আবুল হোসেন ও নজরুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন ধরে আমরা পানিবন্দী। কবে পানি সরবে তার ঠিক নেই। এখন বাড়িগুলো পানির সঙ্গে মিশে গেলে আমরা কোথায় যাব? নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পানি ঢুকে পড়ায় স্কুলটি বন্ধ রয়েছে।’
রাস্তা কেটে দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাগর খান বলেন, রোববার প্রচুর বৃষ্টিপাতের কারণে শ্রীপুর রাস্তা পানির চাপে ছুটে গিয়ে ওই গ্রামগুলো তলিয়ে গেছে।
কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোহামঞ্চদ মনজুর আলম বলেন, সরকারি রাস্তা কেটে দেওয়ার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) পাঠিয়েছি। তিনি প্রতিবেদন দিলে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্য সহায়তা দেওয়া হবে।’