শুধু নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে চলবে না, পরিষ্কার রাখতে হবে চারপাশকেও। এ সম্পর্কে উৎসাহ দিতে হবে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের। দেশের সবার মধ্যে বাড়াতে হবে পরিবেশ সচেতনতা। তা হলে পরবর্তী প্রজন্মকে উপহার হিসেবে দেওয়া যাবে একটি সুন্দর দেশ৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সেমিনার ও সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। ‘দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৬’-এর প্রস্তুতি নিয়ে এ সেমিনার ও সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবর্তন চাই নামে একটি সংগঠন। আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো এই দিবসটি পালন করবে সংগঠনটি। এরপর থেকে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হবে।
বক্তারা বলেন, বিভিন্ন দিবস সামনে রেখে দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কিন্তু কয়েক দিনের মাথায় তা আগের অবস্থায় ফিরে যায়। নিজে সুস্থ ও পরিবেশ সুন্দর রাখতে সারা বছরই তা করা দরকার। বক্তারা বলেন, দেশকে পরিচ্ছন্ন করতে হলে আগে রাজনৈতিক দলগুলোর চিন্তাচেতনার পরিবর্তন করা দরকার। কিন্তু সংগঠনগুলো তা করবে না। তাই নিজেরা বসে থাকলে চলবে না। যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।
পরিবর্তন চাই-এর চেয়ারম্যান ফিদা হকের সভাপতিত্বে ও দিদারুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যোগাযোগ বিভাগের উপ-প্রধান সামিয়া চৌধুরী, স্থপতি তুঘলক আজাদ, সমাজকর্মী ওমর চৌধুরী, অস্ট্রেলিয়াভিত্তিক বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্কের (বেন) আহ্বায়ক কামরুল আহসান খান প্রমুখ বক্তব্য দেন। দিবসটি পালনে পৃষ্ঠপোষকতায় আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, অ্যাকশনএইড বাংলাদেশ ও সূর্যমুখী লিমিটেড।