নিজের চোখে পাহাড় কাটা দেখলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল লতিফপুর ও চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ রকম অন্তত চারটি স্থান পরিদর্শন করেছেন। নিজের চোখে দেখেছেন পাহাড় কাটার দৃশ্য। প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় জঙ্গল লতিফপুর এলাকায় বায়তুস সালাম নামে একটি নির্মীয়মাণ মসজিদের পাশে পাঁচজন শ্রমিককে পাহাড় কাটতে দেখা যায়। মন্ত্রীর সঙ্গে থাকা পুলিশ তাঁদের আটক করতে গেলে মসজিদের মাইকে স্থানীয় লোকজনকে ডাকা হয়। ঘোষণার পরপর স্থানীয় কিছু নারী-পুরুষ এসে তাঁদের কেন আটক করা হচ্ছে তা জানতে চান। পরে তাঁরা আবুল কালাম নামের একজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসেন। কালাম এসে নিজেকে পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, ‘আমি পাশে থাকি। তাই ওরা আমাকে ফোন করে আসতে বলেছে।’ পরে প্রতিমন্ত্রীর নির্দেশে পাঁচ শ্রমিককে ছেড়ে দিয়ে আবুল কালামকে এবং শফি নামে অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরিদর্শন শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এবং স্থানীয় প্রভাবশালী রাজনীতিকদের ছত্রছায়ায় পাহাড় কাটা চলছে। তিনি বলেন, যারা পাহাড় কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরজমিনে দেখা গেছে, জঙ্গল লতিফপুর ও পাহাড়তলী এলাকার শাপলা আবাসিক এলাকা, নন্দন হাউজিং, পাহাড়িকা হাউজিং ও আশপাশের এলাকায় পাহাড় কাটা চলছে। এরই মধ্যে শাপলা আবাসিক এলাকা ও নন্দন হাউজিংয়ে ইতিমধ্যে পাহাড় কেটে ঘর-বাড়ি তোলা হয়েছে। অন্যগুলোর মধ্যে পাহাড়িকা হাউজিংয়ের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মামলা রয়েছে বলেও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম সাংবাদিকদের জানান। স্থানীয় লোকজন প্রতিমন্ত্রীকে জানান, আলম নামের এক ব্যবসায়ী দুই বছর ধরে রাতের আঁধারে পাহাড় কাটছেন। এ সময় হাছান মাহমুদ একই এলাকায় পাহাড় কেটে গড়া পাহাড়িকা আবাসিক এলাকাও পরিদর্শন করেন। অপর একটি পাহাড়ের ওপর বানানো ‘পাহাড়িকা আবাসিক এলাকা’র প্রবেশপথে একটি সাইনবোর্ডে ‘বায়না সূত্রে এ জমির মালিক জাকির হোসেন (জাহিদ) ও মো. জাহাঙ্গীর আলম’ লেখা দেখা যায়। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়িকা আবাসিক এলাকাটি ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে সিডিএর অনুমোদন পায়। পরে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। জাফর আলম জানান, পাহাড়িকা, শাপলা ও নন্দন নামের তিন আবাসিক এলাকার বিরুদ্ধেই পাহাড় কাটার অভিযোগে মামলা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান।