
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কবরস্থানে দুটি কবরের জায়গা দখল করে সীমানাপ্রাচীর দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। তিনি নিজে উপস্থিত থেকে প্রাচীর নির্মাণ তত্ত্বাবধান করেন। কবরের জমি কিনতে আবেদন করার নিয়ম থাকলেও তিনি তা মানেননি।শহরের মাসদাইরে সিটি করপোরেশনের কবরস্থানটি অবস্থিত। সেখানকার কয়েকজন কর্মী জানান, গত ২০ ফেব্রুয়ারি ছিল শামীম ওসমানের বাবা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সাংসদ এ কে এম শামসুজ্জোহার ২৯তম মৃত্যুবার্ষিকী। এর তিন দিন আগে তিনি ওই কবরস্থানে গিয়ে বাবার পাকা কবরের পাশে দুটি স্থান নির্ধারণ করেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সিটি করপোরেশনের কর্মী ও ভাড়াটে শ্রমিকদের দিয়ে ওই স্থান দুটির সীমানা নির্মাণ করান। শামীম ওসমান সিটি করপোরেশনের কর্মীদের বলেন, তাঁর নির্দেশ ছাড়া ওই দুটি স্থানে যেন কোনো লাশ দাফন করা না হয়।পরে ১২ মার্চ নারায়ণগঞ্জ শহরে আয়োজিত এক সমাবেশে শামীম ওসমান তাঁর বক্তৃতার একপর্যায়ে বলেন, ‘আমার নিজের ও আমার মায়ের কবর আমার বাবার কবরের পাশে আমি নির্ধারণ করে রেখেছি।’ ওই বক্তব্যের রেকর্ড প্রথম আলোর কাছে আছে।
এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের কবরস্থানে কবরের জমি কিনতে হলে আবেদন করতে হয়। কিন্তু শামীম ওসমান কোনো আবেদন না করেই দুটি কবরের জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। সেখানে কাউকে দাফন করতেও তিনি বারণ করেছেন।’
মাসদাইরে কবরস্থানে নিয়মিত যাতায়াত করেন এমন কয়েকজন মুসল্লি বিষয়টি সম্প্রতি জানিয়েছেন উল্লেখ করে মেয়র বলেন, এ ব্যাপারে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মীদের কাছে জানতে চাইলে তাঁরা জানিয়েছেন, শামীম ওসমানের হুমকির কারণে প্রাণভয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাননি।
মেয়র বলেন, ‘নগরে জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ায় কবরস্থানে লাশ দাফনে এমনিতেই স্থান সংকুলান হচ্ছে না। সেখানে শামীম ওসমান একাই সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া দুটি কবরের জায়গা দখল করেছেন। স্থান দুটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল শনিবার শামীম ওসমানের সঙ্গে কয়েক দফা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, শামীম ওসমান একজন সাবেক আইনপ্রণেতা হয়ে সিটি করপোরেশনের কবরস্থানের দুটি কবরের জায়গা বিনা অনুমতিতে দখল করে অন্যায় করেছেন।