নিজের জন্য নয়, রাজনীতি করতে হবে দেশের জন্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল যৌথ সভায় বক্তব্য দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  l ছবি: বাসস
গণভবনে গতকাল যৌথ সভায় বক্তব্য দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি নিজের জন্য নয়, করতে হবে পরের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে। দেশের মানুষের জন্য কাজ করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।
গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। গত মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবনির্বাচিত কমিটির প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই দিনের মুলতবি সভা গতকাল গণভবনে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের উন্নয়নটা হবে তৃণমূল পর্যায় থেকে। একেবারে গ্রামের মানুষ আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে এবং পাবে। বাংলাদেশের একটা মানুষও গৃহহারা থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। একটা মানুষও বিনা চিকিৎসায় রোগে ধুঁকবে না। কোনো মানুষ নিরক্ষর থাকবে না। বাংলাদেশকে সেভাবে গড়ে তুলব।’
শেখ হাসিনা বলেন, ‘এ দেশে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না। এর জন্য জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং গণজাগরণ সৃষ্টি করতে হবে। তবে এরই মধ্যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পেরেছি বলেই জঙ্গি দমন করতে পেরেছি। কিন্তু এটা অব্যাহত রাখতে হবে।’
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাসিরনগরের ঘটনায় মোকতাদিরের ভূমিকায় প্রধানমন্ত্রীর উষ্মা: বৈঠকের পর দুজন নেতা প্রথম আলোকে বলেন, যৌথ সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পর জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ভূমিকায় উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি দলের দায়িত্বশীল একাধিক নেতাকে বলেন, ওবায়দুল মোকতাদির চৌধুরী সঠিকভাবে দায়িত্ব পালন করলে ঘটনাটা এত বড় হতো না।
সেখানে উপস্থিত সূত্র বলেছে, প্রধানমন্ত্রী বলেন, এর আগে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী ছায়েদুল হককে জেলা আওয়ামী লীগের উপদেষ্টার পদ থেকে কারও সঙ্গে পরামর্শ না করেই বহিষ্কার করেন মোকতাদির চৌধুরী। তিনি বলেন, দল করলে শৃঙ্খলা মেনেই করতে হবে। মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন দলীয় প্রধান। মোকতাদির চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য। গতকালের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না।
বৈঠক সূত্র বলেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বৈঠকে বলেন, নাসিরনগরে হিন্দুদের ওপর হামলায় যারা জড়িত বলে চিহ্নিত হবে, তাদের কোনো আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দায়িত্ব বণ্টন: বৈঠকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ চট্টগ্রাম ও সিলেট বিভাগ, দীপু মনিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, জাহাঙ্গীর কবির নানককে রংপুর ও রাজশাহী বিভাগ এবং আবদুর রহমানকে বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।