নিজের জবানবন্দির ব্যাপারে অনড় ফরহাদ মজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে দেওয়া জবানবন্দির ব্যাপারে এখনো অনড় অবস্থানে লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার। গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেটাই তাঁর বক্তব্য।

অন্যদিকে ফরহাদ মজহার নিজেই খুলনায় গিয়েছিলেন বলে পুলিশের পক্ষ থেকে যে দাবি করে আসা হচ্ছিল, পুলিশও সে বক্তব্য থেকে সরে আসেনি। পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘মিথ্যা তথ্য’ দেওয়ায় ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তাঁরা। গতকাল মঙ্গলবার ফরহাদ মজহারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা বাসায় গিয়ে তাঁকে ও ফরহাদ মজহারকে গতকাল বেলা ১১টায় ডিবি কার্যালয়ে হাজির থাকতে চিঠি দিয়ে আসেন। সে অনুযায়ী তাঁরা গতকাল ডিবি কার্যালয়ে হাজির হন। তিনি বলেন, ‘আদালতে তিনি (ফরহাদ মজহার) যে জবানবন্দি দিয়েছেন, পুলিশের কাছে সেই একই কথা বলেছেন।’ তবে ফরহাদ মজহার নিজে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে স্ত্রী ফরিদা আখতারকে নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান ফরহাদ মজহার। ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন ও ভারপ্রাপ্ত উপকমিশনার গোলাম মোস্তফা বেলা সোয়া একটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি বাসায় চলে যান।

মামলার তদন্তের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, ফরহাদ মজহারকে বলা হয় আদালত ও পুলিশের কাছে তিনি যে জবানবন্দি দিয়েছেন, তদন্তে তার সত্যতা মিলছে না। তদন্তকারীরা তাঁর কাছে জানতে চান, ৩ জুলাই ভোরে তিনি কীভাবে খুলনায় গেলেন? অপহৃত হলে তিনি খুলনার শিববাড়ি বাস টার্মিনাল থেকে কী করে হানিফ এন্টারপ্রাইজের টিকিট কিনলেন? কীভাবে খুলনার নিউমার্কেটে ঘোরাঘুরি করলেন? জবাবে ফরহাদ মজহার বলেন, ‘আমি যা বলার আদালতে বলেছি, আপনারা তদন্তে যা পাওয়ার পেয়েছেন।’

ডিবি কর্মকর্তারা বলেন, ফরহাদ মজহারের কাছে তাঁরা জানতে চান, দুটি মুঠোফোন, ফোনের চার্জার, চারটি সিম কার্ড এবং পাঞ্জাবি ব্যাগে ভরে অত সকালে কেন বের হলেন? আবার অপহরণকারীদের কবলে থাকলে একটি নম্বর দিয়ে স্ত্রীকে আর অন্য নম্বর দিয়ে এক নারীকে কী করে ছয়বার ফোন করলেন? খুদে বার্তা পাঠিয়ে ওই নারীর কাছ থেকে কী করে বিকাশ নম্বর নিয়ে টাকা পাঠালেন? ডিবি কর্মকর্তা জানান, ফরহাদ মজহার এসব প্রশ্নের কোনো জবাব দেননি। তবে তিনি পুলিশের তদন্ত নিয়ে কোনো প্রশ্নও তোলেননি। বরং বলেছেন, পুলিশের তদন্তে তাঁর আস্থা আছে।

ফরহাদ মজহারকে জিজ্ঞাসাবাদের পর ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, ফরহাদ মজহার আদালতে ও পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছেন, তার সঙ্গে পুলিশি তদন্তে পাওয়া তথ্যের গরমিল রয়েছে। তদন্তে দেখা গেছে, ফরহাদ মজহার অপহৃত হননি। এখন তাঁর বিরুদ্ধে কীভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তা ভেবে দেখা হচ্ছে।

জানতে চাইলে ফরিদা আক্তার প্রথম আলোকে বলেন, ডিবির কর্মকর্তারা তাঁকে (ফরিদা আখতার) বলেছেন মামলার বাদী হিসেবে দেওয়া তথ্য মিথ্যা হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফরহাদ মজহারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফরহাদ মজহারের এখন কথা বলার অবস্থায় নেই।

৩ জুলাই ঢাকা থেকে নিখোঁজ হওয়ার পর ওই দিন রাতে যশোরে একটি বাস থেকে ফরহাদ মজহারকে নামিয়ে আনে পুলিশ। পরে তিনি আদালতে জবানবন্দি দিয়ে বলেন, তাঁকে অপহরণ করা হয়েছিল। এর আগে তাঁর স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় অপহরণের মামলা করেন।