নিজের জায়গায় ঠাঁই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা l ছবি: হাসান রাজা
ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা l ছবি: হাসান রাজা

বিদ্যালয়টির নাম ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বাভাবিকভাবেই সবাই ধরে নেন, এর অবস্থান হবে পুরান ঢাকার চকবাজার-সংলগ্ন ঐতিহাসিক ছোট কাটরার কাছে। কিন্তু সেখানে এই নামে কোনো বিদ্যালয় নেই। ১৯৬৩ সালে শুরুটা ছোট কাটরা এলাকায় হলেও স্বাধীনতার পর বিদ্যালয়টি স্থানান্তর করা হয় মিটফোর্ড এলাকার নলগোলা এলাকায়।
মিটফোর্ড এলাকায় দোতলা একটি পরিত্যক্ত বাড়ির নিচতলায় বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। দুই ধরনের সমস্যায় পড়ে এখন আর সেখানেও নেই।
প্রথমত ভবনটি জরাজীর্ণ। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দ্বিতীয়ত একই ভবনের দোতলায় আরেকটি উচ্চবিদ্যালয়। একসঙ্গে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম চলায় সমস্যা হচ্ছিল। ফলে মিটফোর্ড থেকে সরিয়ে পার্শ্ববর্তী বাবুবাজারের হয়বৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে এর কার্যক্রম চলছে। কিন্তু সেই বিদ্যালয়টির অবস্থাও নাজুক। ফলে এখানেও ছোট কাটরা বিদ্যালয়টি থাকতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। স্কুলের এই স্থানান্তরের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সরেজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। প্রথমে চকবাজার এলাকায় গেলে কেউ বিদ্যালয়টির ঠিকানা বলতে পারেননি। পরে আরেকটি বিদ্যালয়ে গেলে একজন শিক্ষক জানালেন, বিদ্যালয়টি এখন মিটফোর্ড এলাকার নলগোলায় অবস্থিত। নলগোলার বিদ্যালয়ের আঙিনায় প্রবেশ করে দেখা গেল, নিচতলায় অস্থায়ী চুলায় রান্না করছেন একজন ব্যক্তি। পাশে বন্ধ দরজায় নামফলকে লেখা ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এখানে এই বিদ্যালয় নেই। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে জানা গেল, এখানে এখন শাহ আবদুল হামিদ কালান্দর বালিকা উচ্চবিদ্যালয় পরিচালিত হয়। একটি কক্ষে কয়েকজন ছাত্রীকে পাঠ দিচ্ছিলেন এক শিক্ষক। কিন্তু পুরো ভবনটিই যে ঝুঁকিপূর্ণ হয়ে আছে, তা স্পষ্টই চোখে পড়ে। বারান্দার ছাদ নষ্ট হওয়ায় টিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। অন্যান্য কক্ষের ছাদও জরাজীর্ণ। কালান্দর বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক বললেন, ভবনটি এখন ‘মরণ ফাঁদ’। ভবনটির এমন অবস্থার কারণে ছাত্রীরাও ঠিকমতো উপস্থিত থাকে না। কালান্দর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ঝুঁকি থাকায় তাঁরাও সব সময় ভয়ে থাকেন। আর ‘ডরে’ ছাত্রীরা আসতে চায় না। তবে পরীক্ষার সময় সবাই আসে।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, ভবনটি একসময় হিন্দুদের সম্পত্তি ছিল। স্বাধীনতার সময় তাঁরা চলে গেলে স্বাধীনতার পর স্থানীয় মোসলেহ উদ্দিন (বগুভাই) এই ভবন দখল করে সেখানে বিদ্যালয় করার সিদ্ধান্ত নেন। তখন শাহ আবদুল হামিদ কালান্দর বালিকা উচ্চবিদ্যালয় স্থাপন করা হয়। একই সঙ্গে ছোট কাটরা প্রাথমিক বিদ্যালয়টিও এখানে স্থানান্তর করা হয়। ১৯৭৩ সালে ছোট কাটরা প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ হয়। তবে একই সঙ্গে উচ্চবিদ্যালয়টিও চলতে থাকে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, জাতীয়করণ হলে স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের সম্পত্তিও সরকার অধিগ্রহণ করে। এ রকম পরিস্থিতিতে একপর্যায়ে উচ্চবিদ্যালয়ও জায়গা লিজ পায়। এর মধ্যে কয়েক বছর আগে প্রাথমিক বিদ্যালয়ের নামেই জায়গাটি নামজারি হয়। কিন্তু সংস্কার বা নতুন করে ভবন না হওয়ায় পুরোনো ভবনটি একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ রকম অবস্থায় ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসের পর প্রাথমিক বিদ্যালয়টি বাবুবাজারের হয়বৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যায়। তবে বালিকা উচ্চবিদ্যালয়টি ঝুঁকির মধ্যেই চলছে।
পরে হয়বৎনগর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, সেটির বেহাল অবস্থা। ঘিঞ্জি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। সরু প্রবেশপথে আবর্জনা আর ময়লা পানিতে ডুবে আছে। তার ভেতরে ইট ফেলে এর ওপর দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করে। বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক তাসলিমা নুরজাহান জানালেন, এখানে এখন ছোট কাটরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস নেওয়া হয়। তবে কাগজপত্রে সব আলাদা। ছোট কাটরা বিদ্যালয়ের দুজন শিক্ষক থাকলেও গতকাল তাদের কাউকে পাওয়া যায়নি। তাঁরা ভোটার তালিকা হালনাগাদের কাজে বাইরে ছিলেন।