নিজের জায়গার খোঁজ রাখে না ওয়াসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে পুরান ঢাকার বেগমগঞ্জ লেনে ওয়াসার পানি সংরক্ষণ এলাকা। এ ছাড়া সংরক্ষণ এলাকার কিছু অংশ ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা।  ছবি: প্রথম আলো
আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে পুরান ঢাকার বেগমগঞ্জ লেনে ওয়াসার পানি সংরক্ষণ এলাকা। এ ছাড়া সংরক্ষণ এলাকার কিছু অংশ ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। ছবি: প্রথম আলো

পুরান ঢাকার বেগমগঞ্জ লেনে ওয়াসার পানি সংরক্ষণ এলাকার কিছু অংশ ভরাট করে গড়ে তোলা হয়েছে কারখানার যন্ত্রাংশ রাখার ঘর, সবজিবাগান। ব্যক্তি উদ্যোগে লাগানো হয়েছে গাছ। তৈরি করা হয়েছে রিকশার গ্যারেজ ও ঘোড়ার আস্তাবল। একই সঙ্গে পাশের বাজারের দোকানপাটের আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে সংরক্ষণ এলাকার একাংশ।
স্থানীয় লোকজন বলেন, পানিনিষ্কাশনের নতুন লাইন হওয়ায় সংরক্ষণ এলাকাটি আর ব্যবহার করে না ঢাকা ওয়াসা। সেই সুযোগে অব্যবহৃত এলাকার চারপাশের সীমানাপ্রাচীর ঘেঁষে ধীরে ধীরে ভরাট করতে শুরু করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
সংরক্ষণ এলাকাটি বেগমগঞ্জ লেনের সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশ থেকে বউবাজার পর্যন্ত। ওয়াসার কর্মকর্তারা এর সুনির্দিষ্ট আয়তন জানাতে পারেননি। এমনকি ভরাটের বিষয়টিও তাঁরা জানতেন না।
ওয়াসার কর্মকর্তারা জানান, পুরান ঢাকার জলাবদ্ধতার সমস্যা নিরসনের জন্য সংরক্ষণ এলাকাটি তৈরি করেছিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন। ১৯৯৮ সালে এটি ঢাকা ওয়াসার কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে পুরান ঢাকার নারিন্দা, বংশাল, নাজিরা বাজার, সুরিটোলা, ইংলিশ রোড, নর্থ-সাউথ রোড, নবাবপুর রোড, ঝড়পুল লেনসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বৃষ্টির পানি জমা হতো ওই সংরক্ষণ এলাকায়। সেখান থেকে গিয়ে পড়ত নদীতে। তবে ধোলাইখালে বক্স কালভার্ট হওয়ার পর থেকে ওই সংরক্ষণ এলাকা আর ব্যবহার করে না ওয়াসা।
স্থানীয় লোকজনের অভিযোগ, ঢাকা ওয়াসা সংরক্ষণ এলাকাটি দেখভাল না করায় দখলদারেরা নিজেদের প্রয়োজনমতো সেটি ভরাট করছে।
গত রোববার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পানি সংরক্ষণ এলাকাটির দক্ষিণে বউবাজার থেকে নতুন রাস্তার মুখ পর্যন্ত সীমানাপ্রাচীর ঘেঁষে মাটি দিয়ে ভরাট করা হয়েছে একাংশ। সেখানে ত্রিপল দিয়ে ঘর বানিয়ে রাখা হয়েছে রাস্তার পাশের লেদ মেশিন কারখানার যন্ত্রাংশ। গড়ে তোলা হয়েছে সবজির বাগান। লাগানো হয়েছে গাছ। উত্তর-পশ্চিম অংশে (সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশ) জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে রিকশার গ্যারেজ। আছে ঘোড়ার আস্তাবল। আর পূর্ব পাশ ভরাট হয়ে গেছে পাশের বউবাজারের ময়লায়।
আবদুস সালাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, পুরান ঢাকা এমনিতেই ঘিঞ্জি। নতুন বাড়ি বানাতে গেলে যন্ত্রপাতি রাখার কোনো জায়গা পাওয়া যায় না। সেগুলো রাখতে সংরক্ষণ এলাকা মাটি দিয়ে ভরাট করে জায়গা তৈরি করা হয়েছে।
ধোলাইখাল নতুন রাস্তা এলাকার এক বাসিন্দা বলেন, দুই বছর আগেও একটু বৃষ্টি হলেই পুরান ঢাকার অনেক এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যেত। অলিগলিতে পানি জমায় বাসার বাইরেই বের হওয়া যেত না। পাইপ ও রাস্তার সংস্কারকাজ করার জন্য জলাবদ্ধতার কষ্ট কিছুটা কমেছে। কিন্তু সংরক্ষণ এলাকাটি যেভাবে ভরাট হয়ে যাচ্ছে, তাতে আশঙ্কা জাগছে, অতিবৃষ্টির সময় পানি সরতে না পেরে ফের জলাবদ্ধতার সৃষ্টি হবে।
আরেক বাসিন্দা বলেন, যাঁরা মাটি বা ময়লা ফেলে এটি ভরাট করছেন, তাঁরা বাইরের কেউ নন, এলাকারই।
সংরক্ষণ এলাকার দক্ষিণ অংশে আছে প্রায় ২০টি লেদ মেশিনের দোকান। দোকানগুলোর যন্ত্রাংশ রাখা হয় ভরাট হয়ে যাওয়া অংশে। কয়েকজন দোকানি বলেন, সেখানে যন্ত্রাংশ রাখার জন্য ভাড়া দিতে হয়। তবে কাকে ভাড়া দিতে হয়, সেটা বলতে রাজি হননি তাঁরা।
স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, উত্তর-পশ্চিম অংশ ভরাট করে তৈরি করা গ্যারেজে রিকশা রাখার জন্য ভাড়া দিতে হয় আসিফ হোসেন নামের এক ব্যক্তিকে। তিনি এলাকায় নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসিফ হোসেন বলেন, কয়েক বছর আগে তিনি সংরক্ষণাগারের জায়গায় গাছ লাগিয়েছিলেন। তবে গ্যারেজ করেননি। গ্যারেজ করেছেন বানিয়ানগর এলাকার দুই ব্যক্তি।
সংরক্ষণ এলাকার পূর্বাংশের বউবাজার সিটি করপোরেশনের জায়গার ওপর। একসময় বাজারের জায়গাটি এলাকার খেলার মাঠ ছিল। এখন সেখানে বাজার বসে। বাজারের সব ময়লা ফেলা হয় পানি সংরক্ষণ এলাকায়।
মোহাম্মদ কায়েস নামের এক বাসিন্দা বলেন, এমনিতে পাইপ দিয়ে আশপাশের এলাকার ময়লা ফেলা হয় সেখানে। এর ওপর বাজারের ময়লা ফেলার কারণে সেগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। দুর্গন্ধের কারণে আশপাশের বাড়িগুলোতে ভাড়াটে থাকতে চান না।
গত রোববার যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ওয়াসার পানি সংরক্ষণ এলাকাটি ভরাটের বিষয়টি প্রথম আলোর প্রতিবেদকের কাছ থেকেই তিনি প্রথম জেনেছেন। সেদিন তিনি আরও বলেছিলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
গত মঙ্গলবার আবার যোগাযোগ করা হলে এই প্রকৌশলী বলেন, ‘লোক পাঠিয়ে ভরাট অংশের ছবি তুলে এনেছি। দেখি কী করা যায়।’