খালের পানিতে হাবুডুবু খাচ্ছিলেন দুই তরুণ। বাঁচার জন্য চিৎকার করছিলেন তাঁরা। চিৎকার শুনে তাঁদের উদ্ধার করতে পানিতে নামেন সারোয়ার হোসেন (২৮)। ওই দুজনকে উদ্ধারও করা হয়। কিন্তু শেষ পর্যন্ত নিজেই আর তীরে উঠতে পারেননি তিনি। খালের পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার রাজধানীর বাড্ডার ধামাইখালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
সারোয়ারের বাড়ি বরগুনায়। নতুনবাজার এলাকায় তিনি বোনের বাসায় থাকতেন। পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। পানিতে ডোবার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেন।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বর্ষাকালে ধামাইখাল পানিতে ভরা থাকে। আশপাশের অনেকেই এখানে গোসল করতে আসেন। গতকাল দুপুরে বাড্ডা এলাকা থেকে কয়েকজন তরুণ ধামাইখালে গোসল করতে আসেন। তাঁরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। খালের ৩ নম্বর বেরাইদ ব্রিজের কাছে তাঁরা গোসল করছিলেন। গোসলের একপর্যায়ে উত্তরার প্রফেশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ফ্যাশন টেকনোলজির (পিআইএসএফটি) সাব্বির নামের এক ছাত্র স্রোতের ধাক্কায় গভীর পানিতে চলে যান। তাঁকে বাঁচাতে গিয়ে রাজু পান্ডেও (এসএসসি পরীক্ষা দিয়েছে) পানিতে ডুবে যায়। তাঁরা দুজন ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছিলেন। এ সময় ব্রিজের পাশ দিয়ে সারোয়ার হেঁটে যাচ্ছিলেন। চিৎকার শুনে তিনি দ্রুত পানিতে নামেন ওই দুই ছাত্রকে বাঁচাতে।
উদ্ধার হওয়া সাব্বির হোসেন রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা নয়জন গোসল করতে এসেছিলেন। দুপুর ১২টার দিকে তাঁরা খালের উত্তর পাশে ব্রিজের নিচে গোসলের জন্য নামেন। তাঁদের মধ্যে সাজ্জাদ হোসেন ও রাজু পাণ্ডে ছাড়া আর কেউ সাঁতার জানেন না। সাব্বির বলেন, ‘আমি কোমরপানিতে ছিলাম। মাথা ভেজানোর জন্য ডুব দিয়েছিলাম। মাথা তুলে দেখি আমি গভীর পানিতে।’ এ সময় তাঁকে বাঁচাতে সাজ্জাদ ও রাজু এগিয়ে আসেন বলে জানান সাব্বির। তিনি বলেন, তীব্র স্রোতের কারণে রাজুও ডুবে যায়। এরপর তাঁরা চিৎকার শুরু করলে সারোয়ার এগিয়ে আসেন। ব্রিজের পাশে ফুটবল খেলতে থাকা কয়েকজন বালকও উদ্ধারকাজে যোগ দেয়। একপর্যায়ে রাজুকে উদ্ধার করা হয়।
কিন্তু তখনো সাব্বির পানিতে ডুবে যাচ্ছিলেন বলে তিনি জানান। তিনি বলেন, ওই বালকেরা তাদের খেলার বলটি তাঁকে ছুড়ে দেয়। তিনি বল নিয়ে ভাসতে থাকেন। পরে সারোয়ার, সাজ্জাদ ও সেখানকার এক বালক মিলে তাঁকে উদ্ধার করে খালের দক্ষিণ পাশে নিয়ে যান।
পরে খালের দক্ষিণ তীর থেকে উত্তর দিকে সাঁতরে আসছিলেন সারোয়ার ও ওই বালকটি। এ সময় সারোয়ারকে সহযোগিতার জন্য ফুটবলটি তাঁর দিকে ছুড়ে দেন সাজ্জাদ। কিন্তু সারোয়ার ফুটবলটি বালকটিকে দেন। ফুটবল নিয়ে ওই বালক তীরে গেলেও সারোয়ার আর পৌঁছাতে পারেননি।
ঘটনার সময় ওই এলাকায় বাড্ডা থানা-পুলিশের টহল দল ছিল। ওই দলে থাকা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার প্রথম আলোকে বলেন, খালেলোকজনের ভিড় দেখে তিনি সেখানে যান। দুজনকে উদ্ধার করতে গিয়ে একজন পানিতে নেমে নিখোঁজ হয়েছেন জেনে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে একজন ডুবুরি এসে তল্লাশি শুরু করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে আরেকজন ডুবুরি আসেন। ১০-১৫ মিনিট পর তাঁরা সারোয়ারের লাশ উদ্ধার করেন।
সারোয়ার নতুনবাজার থেকে বনানী পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। কয়েক দিন থেকে এই পথে এ ধরনের অটোরিকশা চলাচল বন্ধ থাকায় তিনি বেকার ছিলেন।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে যাওয়া ডুবুরি আবু ইউসুফ বলেন, খালটি প্রায় ১০০ ফুট লম্বা। যেখানে দুই ছাত্র ডুবে গিয়েছিলেন সেখানকার পানি ২০ থেকে ২৫ ফুট গভীর। স্রোতের কারণে পানিতে ঘূর্ণনের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, পাতলা গড়নের সারোয়ার দুজনকে উদ্ধারের পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁর পরনে থাকা জিনসের প্যান্টটিও ভিজে ভারী হয়ে গিয়েছিল। তাই স্রোতের কারণে তিনি আর উঠে আসতে পারেননি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ময়নাতদন্ত ছাড়াই সারোয়ারের লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।