নিজের তৈরি আইনই মানছে না ইসি
পৌরসভা নির্বাচনে নিজেদের তৈরি করা আইন মানছে না নির্বাচন কমিশন। আইন ও বিধি লঙ্ঘনের কারণে প্রার্থী বা ভোট গ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করছে না।
আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে এক সপ্তাহ ধরে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার করা হবে বলে ভয় দেখানো হচ্ছে। এ বিষয়ে কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।
২৩৪টি পৌরসভার মধ্যে শুরুতে ৭০টি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তখন আওয়ামী লীগ থেকে বলা হয়, দলীয় সিদ্ধান্ত না মানলে দল থেকে বহিষ্কার করা হবে। ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে অর্ধেকের মতো বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তারা বেআইনিভাবে তাঁদের মনোনয়নপত্র বাতিল করেছেন। এঁদের কয়েকজন আপিলে এবং কয়েকজন আদালতে গিয়ে প্রার্থিতা ফিরেও পেয়েছেন।
সর্বশেষ গত বুধবার আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুব উল আলম হানিফ বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে বলেন, ১৩ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে। গতকাল বেশি কয়েকজন প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন বা জোর করে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ আছে। রাতে বাকি বিদ্রোহীদের দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের মতে, দল থেকে এ ধরনের হুমকি নির্বাচনী আইনের লঙ্ঘন। নির্বাচন পরিচালনাবিধির ৭৩ ধারায় বলা আছে—শক্তি, ত্রাস, প্রতিবন্ধকতা বা ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হতে বা প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা যাবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কমপক্ষে ছয় মাস এবং সর্বোচ্চ দুই বছর বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আইন সুস্পষ্ট হলেও কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
আইন অনুযায়ী, অন্য কোনো স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিকে পৌর নির্বাচনে প্রার্থী হতে হলে তাঁকে আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে হবে এবং মনোনয়নপত্রের সঙ্গে পদত্যাগপত্র জমা দিতে হবে। কিন্তু কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পদত্যাগ না করেই ৩ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পৌর মেয়র পদে মনোনয়ন জমা দেন।
আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, আমিনুল ইসলাম ৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলার ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার আবেদন জমা দেন। কাগজপত্রে সেটি গ্রহণ দেখানো হয়েছে ৩ ডিসেম্বর। একই কায়দায় তা রিটার্নিং কর্মকর্তা (জেলা নির্বাচন কর্মকর্তা) আবুল হোসেনের দপ্তরে জমা দেওয়া হয়।
অভিযোগটি কমিশনে আসার পর নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও মো. শাহনেওয়াজ ব্যক্তিগতভাবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। যে কারণে গতকাল আবুল হোসেনকে সাতক্ষীরা থেকে প্রত্যাহার করার আদেশ জারি করা হয়। সাতক্ষীরার দায়িত্ব দেওয়া হয়েছে মাগুরা জেলার নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীকে।
কিন্তু কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা কমিশনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, একই অপরাধে প্রার্থী আমিনুল ইসলামের প্রার্থিতা বাতিল হওয়ার কথা। কারণ নির্বাচন পরিচালনাবিধির ৯০ ধারায় বলা আছে, লিখিত অভিযোগ বা অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য থেকে যদি কমিশনের মনে হয়, মেয়র বা কাউন্সিলর প্রার্থী অথবা তাঁদের এজেন্ট নির্বাচন বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন; সে ক্ষেত্রে কমিশন তদন্ত সাপেক্ষে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।