নিজের তৈরি ওষুধ খেয়ে কবিরাজের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেষজ বলবর্ধক ওষুধ তৈরি করে তা খাওয়ানো হয় রোগীকে। ওষুধের বাকি অংশ কবিরাজ নিজের ছয় বছর বয়সী মেয়েকে খাওয়ান এবং নিজেও খান। কিছুক্ষণের মধ্যে তাঁরা যন্ত্রণায় ছটফট করতে থাকেন। নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কবিরাজ আয়েজ উদ্দিন মুন্সির (৭০)। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কবিরাজের মেয়ে সাদিয়া খাতুন ও রোগী রিপনকে (২১)। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ গ্রামে।কবিরাজ আয়েজ উদ্দিনের প্রতিবেশীরা জানান, আয়েজ হতদরিদ্র মানুষ। খুব সামান্য লেখাপড়া জানতেন। ছোটবেলা থেকে তিনি কবিরাজি করছেন।প্রতিবেশীরা জানান, সোমবার সন্ধ্যায় সোনাদহ গ্রামে নিজ বাড়িতে কবিরাজ আয়েজ প্রতিবেশী মন্টু খাঁর ছেলে রিপনের (২১) শারীরিক দুর্বলতার জন্য বলবর্ধক ভেষজ ওষুধ তৈরি করেন। এরপর তা বাড়িতেই রিপনকে খাওয়ান। ওষুধের কিছু অংশ খাওয়ান মেয়ে সাদিয়াকে। বাকিটুকু নিজেই খেয়ে নেন।প্রতিবেশী এতিমন বিবি বলেন, ওষুধ খাওয়ার পরপরই ‘বুকের মধ্যে জ্বলে গেল, পুড়ে গেল’ বলে রিপন দৌড়ে নলকূপের পানি খায়। সেখান থেকে দৌড়ে তাঁর চাচার বাড়ির উঠানে গিয়ে পড়েন। এদিকে আমরা এসে দেখি, কবিরাজের মেয়ে গড়াগড়ি দিচ্ছে। মনে হচ্ছিল, তার ঘাড় ভেঙে যাচ্ছে। এরপর কবিরাজও ‘বুক জ্বলে যাচ্ছে’ বলে ছটফট করতে থাকেন।রিপনের চাচা কামরুজ্জামান জানান, তিনি এসে তিনজনকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১২টা ১০ মিনিটের দিকে কবিরাজ আয়েজ মারা যান। তাঁর ছাড়পত্রে মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকেরা লিখেছেন, ‘অজ্ঞাত বিষক্রিয়া’।গতকাল বাঘার সোনাদহ গ্রামে গেলে লোকজন জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর কবিরাজ দ্বিতীয় বিয়ে করেন। অসুস্থ সাদিয়া তাঁর দ্বিতীয় স্ত্রীর সন্তান।স্থানীয় ব্যক্তিরা জানান, ওষুধ তৈরির জন্য কবিরাজ একটি সিরাপের বোতলে করে গ্রামের আবদুল হাকিমের দোকান থেকে মধু কেনেন। তাঁদের ধারণা, মধু থেকে বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে মধু বিক্রেতা আবদুল হাকিম দাবি করেন, তিনি কবিরাজ আয়েজের কাছে মোড়কজাত অবস্থায় রাজশাহীর একটি কোম্পানির বিশুদ্ধ মধু বিক্রি করেছেন। সিরাপের বোতলে মধু বিক্রি করেননি।গতকাল দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, রিপনের অবস্থা আশঙ্কাজনক। কথা বলতে চাইলে শুধু ঠোঁট নাড়ছিলেন। সাদিয়ার অবস্থার একটু ভালোর দিকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের জমজম ইসলামী হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার সময় কথা হয় রাজশাহী মেডিকেলের ১৭ ওয়ার্ডের ইনচার্জ আজিজুল হকের সঙ্গে। কবিরাজ আয়েজের মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সব ফাইল মুখস্থ নেই। আপনি কাল (আজ বুধবার) আসেন।’রাজশাহী নগরের রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম জানান, ‘অজ্ঞাত বিষক্রিয়া’য় মৃত্যু হওয়ায় এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।