নিজের দান সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন ড. ইউনূস
নিজের দান সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আয়কর নথিতে প্রদর্শিত দানের অর্থ তিনি আইনসম্মতভাবেই দিয়েছেন।
গতকাল মঙ্গলবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। উল্লেখ্য, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে ড. ইউনূসের দানের বিপরীতে ১৫ কোটি ৩৯ লাখ টাকা দাবি করেছে কর বিভাগ। এ নিয়ে উচ্চ আদালতে গেছেন ড. ইউনূস।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতার জন্য উচ্চ সম্মানী পান ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া অনেক স্থানে শ্রোতারা টিকিট কেটে তাঁর বক্তব্য শোনেন। তাঁর রচিত বই ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। এসব বই, বক্তৃতা ও পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে এনেছেন তিনি। এ ছাড়া যেসব আয়ের ওপর কর আরোপ হয়, তা তিনি নিয়মিত পরিশোধ করে আসছেন।
বিবৃতিতে আরও বলা হয়, কর কর্তৃপক্ষের দাবি অনুযায়ী কর পরিশোধের পরেই আলোচ্য তিন অর্থবছরে ড. মুহাম্মদ ইউনূস ৭৭ কোটি ৪২ লাখ টাকা দান করেছেন। এর মধ্যে দাতব্য, গবেষণা, উন্নয়ন ও সামাজিক উন্নয়নে ৭২ কোটি টাকা দান করেছেন তিনি। এ ছাড়া পরিবারের সদস্যদের কল্যাণে তিনি আরও পাঁচ কোটি টাকা দান করেছেন। এসব দান তাঁর (ড. ইউনূস) বার্ষিক আয়কর নথিতে প্রদর্শন করা হয়েছে। তাঁর এসব দানকে ২০১৩ সাল পর্যন্ত কোনো রকম প্রশ্ন ছাড়াই গ্রহণ করেছে কর কর্তৃপক্ষ। এর বিপরীতে কর পরিশোধের সনদও দেওয়া হয়েছে। কিন্তু ২০১৪ সালের মে মাসে এসব দানের বিপরীতে ১৫ কোটি ৩৯ লাখ টাকা কর দাবি করে নোটিশ দেয় কর কর্তৃপক্ষ। ১৯৯০ সালের দানকর আইনে এসব দানে কর অব্যাহতি রয়েছে—এই বিবেচনায় মামলা লড়ছেন তিনি। ইতিমধ্যে তিনি এ নিয়ে উচ্চ আদালতে আপিল করেছেন, যা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূস কিংবা তাঁর প্রতিনিধিকে কর কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তাঁর প্রতিনিধি ওই দিন কর কমিশনারের সঙ্গে সভা করবেন বলে বিবৃতিতে বলা হয়।