নিজের নিরাপত্তার ব্যাপারে সংশয় আবদুর রহমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা) আসনের সাংসদ আবদুর রহমান অভিযোগ করেছেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’। যারা ষড়যন্ত্র করছে ‘তারা ধরাছোঁয়ার বাইরে’ উল্লেখ করে তাদের (ষড়যন্ত্রকারীদের) ‘স্পর্শ করতে পারে এমন শক্তিও বোধকরি কম’ বলে তিনি মন্তব্য করেছেন। গত শনিবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংসদ এ কথা বলেন। কারা এ ষড়যন্ত্রকারী এবং তাদের নাম প্রকাশ করার জন্য সাংসদকে উপস্থিত সাংবাদিকেরা অনুরোধ জানালে সাংসদ কারও নাম উল্লেখ করেননি। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি ‘আমার চেয়ে শক্তিশালী ব্যক্তির নাম বললে আমার নিরাপত্তা কে দেবে?’ প্রশ্ন রেখে বলেন, ‘এ দেশে আহসানউল্লাহ মাস্টারের মতো সাংসদ, কিবরিয়ার মতো নেতা নিহত হয়েছেন, তাঁদের নিরাপত্তা আমরা দিতে পারিনি।’ গত শনিবার ঢাকা থেকে প্রকাশিত তিনটি পত্রিকায় তাঁর সম্পর্কে প্রকাশিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনগুলোর জন্যই সাংসদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।তিনি প্রকাশিত খবরগুলোকে ‘বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে বলেন, ‘কোনো একটি মতলববাজ চক্র তাদের ভবিষ্যতের নীলনকশা বাস্তবায়নের প্লট তৈরিতে একটি কাল্পনিক কাব্য রচনা করেছে।’সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, ‘ঘটনা দূর থেকে বিচ্ছিন্নভাবে না দেখে, কিংবা ঘটনাস্থলে গিয়ে ইতস্তত বিক্ষিপ্তভাবে অনুসন্ধান না করে কিংবা আগে থেকে কারও দ্বারা তাড়িত না হয়ে আপনারা ঘটনাস্থলে এসে দেখুন, নির্মোহভাবে বিচার করুন। তখন যদি আপনারা দেখেন আমি অন্যায় করেছি, তবে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। কিন্তু অন্যায় অভিযোগ এনে আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাবেন না।’প্রসঙ্গত, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৌর ইউনিয়নের কানখরদি এলাকায় একটি মিল স্থাপনের উদ্যোগ নেওয়ায় এ বিতর্কের সৃষ্টি হয়। সাংসদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি জোর করে স্থানীয় মানুষের জমি বিক্রি করতে বাধ্য করছেন এবং একটি সরকারি হালট দখল করেছেন।হালট ভরার অভিযোগ প্রসঙ্গে সাংসদ বলেন, ‘ওই জায়গায় ২৬ ফুট একটি চওড়া হালট রয়েছে। সেটি বালু দিয়ে ভরাট করার মতো অধঃপতন এখনো আমার হয়নি।’ জমি বিক্রি করতে বাধ্য করা প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘এক শতক জায়গাও জবরদখল বা কোনো মালিকের সামান্যতম অসন্তুষ্টিতে ক্রয় করা হয়নি।’ সংবাদ সম্মেলনে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন উপস্থিত থাকলেও বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন না। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।