ফরিদপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজের পরিবারের কারও নামে আর কোনো প্রতিষ্ঠান চান না প্রধানমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার বলেছেন, নিজের পরিবারের কোনো সদস্যের নামে দেশে আর কোনো প্রতিষ্ঠান হোক, তা চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা জেলার স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শেখ জামাল স্টেডিয়াম রাখার যে প্রস্তাব করেছিল, তা অনুমোদন দেননি প্রধানমন্ত্রী।গত শনিবার বিকেলে ফরিদপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ক্রীড়া প্রতিমন্ত্রী এ তথ্য দিয়ে বলেন, ‘তার পরও আমি এ প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে আরেকবারের জন্য অনুরোধ করব।’ ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হলে স্কুলের ছাত্রছাত্রীদের মাঠে আনতে হবে, আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী ফরিদপুরে পুনর্নির্মাণাধীন স্টেডিয়ামটি পরিদর্শন করেন এবং এ কাজের জন্য যাবতীয় সাহায্য প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।