নিজের পায়ে দাঁড়াতে চান তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল মিলনের। এরপরই তাঁর মধ্যে মেয়েদের মতো আচরণ দেখা দেয়। পরিবার তা লুকানোর চেষ্টা করে। আর লজ্জা ঢাকতে মিলন চলে যান হিজড়াদের আস্তানায়। এরপর লোকজনের নবজাতক নাচিয়ে আর হাটবাজারে তোলা তুলে জীবিকা অর্জন। দুই কাজেই জবরদস্তি।
‘মানুষের সঙ্গে জোর-জুলুম করে টাকাপয়সা নেওয়ার বিষয়টি আমার কাছে ভালো কাজ নয়। তাই এই জীবনটা কখনোই আমার ভালো লাগেনি। কিন্তু বাধ্য হয়ে এগুলো করতাম।’ বলছিলেন মিলন। অনাকাঙ্ক্ষিত এই জীবন থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে এখন কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। মিলন একা নন; তাঁর মতো মোট ৫০ জন। কেউ নিচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ; অন্যরা নিচ্ছেন সেলাই প্রশিক্ষণ।
ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। মোট ৫০ জনের মধ্যে ১২ জন কম্পিউটারে ও ৩৮ জন সেলাইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে ১৩ জনকে সেলাই প্রশিক্ষণ দিচ্ছে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা শাখা। অধিদপ্তরের সহযোগিতায় অন্যদের কম্পিউটার ও সেলাইয়ের প্রশিক্ষণ দিচ্ছে পদ্মা সমাজকল্যাণ সংস্থা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
সংস্থাটির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, তৃতীয় লিঙ্গের এসব মানুষকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতেই এই কর্মসূচি। সপ্তাহে ছয় দিন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মেধ্য তাঁদের সকালে-বিকেলে নাশতা ও দুপুরের খাবার দেওয়া হয়। এ ছাড়া অল্প কিছু সম্মানীর ব্যবস্থাও আছে। শুরু হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি থেকে; চলবে ৫০ দিন।
গত শনিবার প্রশিক্ষণস্থলে গিয়ে কথা হয় কয়েকজন হিজড়ার সঙ্গে। তাঁদের মেধ্য মেহেদী হাসান নবম শ্রেণিতে পড়ালেখা করতেন। শরীরে পরিবর্তন আসায় তাঁকে নিয়ে যাওয়া হয় অন্য এক হিজড়ার আস্তানায়। কিন্তু হিজড়াদের কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন। এখন আর স্কুলে যেতে পারছেন না। হিজড়া বলে তাঁকে ভর্তি নেওয়া হচ্ছে না।
পলাশ নামের আরেকজন বললেন, আগামী বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। কিন্তু বাড়িতে থেকে পড়ালেখা করতে হচ্ছে। স্কুলের শিক্ষকেরা বলে দিয়েছেন, তাঁর স্কুলে যাওয়ার দরকার নেই।
তবে অনেক বঞ্চনা সহ্য করে এইচএসসি পাস করেছেন হিজড়া সজীব। কিন্তু চাকরিতে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছিলেন না। আবেদন করলেও হিজড়া দেখে বাদ দেওয়া হয়। সজীব কান্নায় ভেঙে পড়ে বললেন, ‘এটা কোনো জীবন হতে পারে না। আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’
এই হিজড়ারা বলছেন, তাঁরাও অন্যদের মতো করে বাঁচতে চান। পরিবারের সঙ্গে থাকতে চান; পড়ালেখা শিখে সরকারি-বেসরকারি চাকরিতে অংশ নিতে চান। কিন্তু রাষ্ট্র তাঁদের সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। এই প্রশিক্ষণ শেষে যাতে উপযুক্ত কাজ পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই দাবি তাঁদের।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল মতিন বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্যই হিজড়াদের এই প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে তাঁদের ১০ হাজার টাকার পণ্য দেওয়া হবে। কাজ করার মাধ্যমে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন বলে তাঁর বিশ্বাস।
সমাজসেবা অধিদপ্তরের ২০০৯ সালের এক জরিপ বলছে, ঝিনাইদহে ৯৫ জন হিজড়া বাস করেন। আর পদ্মা সমাজকল্যাণ সংস্থার জরিপে পাওয়া গেছে ৯৭ জনকে। তবে সংস্থাটি বলছে, জেলায় প্রকৃত হিজড়ার সংখ্যা দুই শতাধিক হবে। তাঁদের বেশির ভাগই পরিচয় গোপন রেখে লোকচক্ষুর আড়ালে জীবন যাপন করেন।