শিশুশ্রম প্রসঙ্গে নোবেল বিজয়ী কৈলাশ
নিজের বাচ্চার জন্য করছি, অন্যের বাচ্চাকে গোলাম বানাচ্ছি, এটা লজ্জার
‘নিজের বাচ্চার জন্য সব করছি, কিন্তু অন্যের বাচ্চাকে বাড়িতে গোলাম বানিয়ে রাখছি। এটা বৈষম্যের, লজ্জার, দুঃখের, অপরাধেরও। সাম্যের চর্চা না হলে সমাজ এগোতে পারবে না, দেশও সামনের দিকে এগোবে না।’
গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় নাগরিক কৈলাশ সত্যার্থী এসব কথা বলেন। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের আয়োজনে পুলিশ কর্মকর্তাদের জন্য ‘গৃহকর্মে নিয়োজিত শিশুশ্রমিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কৈলাশ সত্যার্থী বলেন, দেখা যায় একটি বাড়ির ড্রয়িংরুম বা বেডরুমে ওই বাড়ির কুকুরের বসার অধিকার আছে। কিন্তু বাড়ির কাজের মেয়েটি বা ছেলেটির সেই অধিকার নেই। কখনো কখনো মানুষ এতটাই নির্দয় হয় যে একটি বাচ্চা শিশু তার কাছে কুকুরের চেয়েও অধম হয়ে যায়। শিশুদের ভালোবাসতে না পারাটা দুঃখজনক। শিশুরা বাসায় কাজ করছে, এটা কেন হবে? শিশুদের একটি অংশকে সামনে এগিয়ে নিয়ে আর একটি অংশকে পিছিয়ে রেখে সার্বিক উন্নতি হয় না। শিশুদের জন্য কাজ করাটা একদিকে যেমন নৈতিকতার মধ্যে পড়ে, অন্যদিকে সমাজ তথা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার অংশ এটি।
শান্তিতে নোবেল বিজয়ী এই ভারতীয় নাগরিক বলেন, ‘বাংলাদেশে অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। এই কাজটি যাঁরা করেছেন তাঁদের উদ্দেশে স্যালুট জানাই। এই এগিয়ে থাকাটাই বাংলাদেশের শক্তি। তবে এখনো অনেক ক্ষেত্রেই মেয়েরা পিছিয়ে আছে। এই দূরত্ব কমাতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে ভারত ও অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে আছে। এই দেশকে আরও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চান। কিন্তু এ কাজ কেবল তাঁর একার নয়। সবাইকে এটা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
কৈলাশ সত্যার্থী বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে পড়েছি। তাই বলতে পারি, এ দেশের মানুষ তাঁর মতো নেতা পেয়ে গর্বিত। কিন্তু বঙ্গবন্ধু কি চেয়েছিলেন গরিবেরা ও তাদের সন্তানেরা ধনীদের গোলামি করবে? শিশু বয়সে একটি মেয়ের বিয়ে হয়ে যাবে? বঙ্গবন্ধু এটা চাননি।’ তিনি বলেন, শিশুদের পাচার করা হচ্ছে। তাদের বিক্রি করা হচ্ছে দাস হিসেবে। দক্ষিণ এশিয়া শিশু পাচারের অন্যতম স্থান।
কর্মশালায় অংশ নেওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শক স্মৃতি রানি নোবেল বিজয়ী কৈলাশকে প্রশ্ন করেন, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের প্রতিটি স্তরে তাঁকে একজন মেয়ে হিসেবেই সমাজ চিহ্নিত করে। পড়াশোনা শেষ করে এখন চাকরিতে। আর কী করলে তাঁর ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। উত্তরে কৈলাশ সত্যার্থী বলেন, ‘এই যে আপনি প্রশ্ন করছেন, কথা বলছেন, এর মাধ্যমেই একদিন পরিবর্তন আসবে।’ তিনি বলেন, ২০ বছর আগেও বাংলাদেশ পুলিশে নারীদের এভাবে দেখা যায়নি। এখন সব স্তরেই নারীরা আছেন, এটাও একটা পরিবর্তন।
কর্মশালায় সভাপতিত্ব করেন শিশু অধিকার ফোরামের সভাপতি এনামুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক জাবেদ পাটওয়ারী।