নিজের বাল্যবিবাহ ঠেকাল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা শহরের একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে মেয়েটি। আজ শুক্রবার বিকেলে তার বিয়ে হওয়ার কথা ছিল। উদ্যোগী হয়ে নিজের এ বাল্যবিবাহ ঠেকিয়েছে সে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়। মেয়েকে না জানিয়ে মা-বাবা গোপনে বিয়ের আয়োজন করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেয়েটি বিয়ের বিষয়টি পরিবারের লোকজনের কাছে জানতে পারে এবং বিয়েতে তার মত নেই বলে পরিবারের সদস্যদের জানায়। কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় বিকেল পাঁচটার দিকে নিজের বিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় গিয়ে হাজির হয় সে। তখন ওই শিক্ষক মুঠোফোনে মেয়েটির মা-বাবাকে এ বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি। বাধ্য হয়ে সন্ধ্যা সাতটার দিকে ওই শিক্ষক বিয়ে থামাতে মেয়েটিকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের কার্যালয়ে হাজির হন। বিষয়টি শুনে জেলা প্রশাসক লোক পাঠিয়ে ওই মেয়েটির বাবাকে তাঁর কার্যালয়ে ডেকে আনেন। পরে তাঁকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়েটি বন্ধ করেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মেয়েটির বাবার কাছ থেকে মুচলেকা নেন জেলা প্রশাসক। একই সঙ্গে মেয়েটিকে লেখাপড়ায় সহায়তার আশ্বাস দেন।

পরে মেয়েটি বলে, ‘আমি এই বিয়ে সম্পর্কে কিছুই জানতাম না। বিয়ে হলে আমার ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার হয়ে যেত। তাই নিজেই নিজের বিয়ে ঠেকাতে হয়েছে।’

জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, মেয়েটি নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়ে তার সচেতনতা ও সাহসের পরিচয় দিয়েছে।