নিজের বাল্যবিবাহ রুখে দিল মেয়েটি
‘আমার গায়েহলুদ আজ (সোমবার) হয়ে গিয়েছে; রাত ১০টায় বিয়ে। আমি মাত্র অষ্টম শ্রেণিতে পড়ি। আমি আরও লেখাপড়া করে অনেক বড় হতে চাই। আমাকে বাঁচান। আমার বাড়ি...।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামের মুঠোফোনে গত সোমবার সন্ধ্যায় এক নিশ্বাসে এই আকুতি জানায় একটি মেয়ে।
এরপর ইউএনও দ্রুত বাল্যবিবাহ বন্ধে সহায়তাকারী একদল তরুণকে বিষয়টি মুঠোফোনে অবহিত করে সহায়তা চান। তাদের বলা হয়, বর আসা মাত্রই যেন তাঁকে খবর দেওয়া হয়। বরপক্ষ রাত সাড়ে ১০টায় একরকম চুপিসারে কনের বাড়িতে আসে। খবর পেয়ে রাত ১০টা ৫০ মিনিটে ইউএনও পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হন। সঙ্গে ছিল এলাকার বাল্যবিবাহ বন্ধে তৎপর ওই তরুণের দল। দলটিকে দেখে উভয় পক্ষের লোকজন যে যেদিকে পারে পালিয়ে যায়।
পুলিশের হাতে আটক হন বিয়ের ঘটক পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোয়াবাড়ী গ্রামের আবদুস সামাদ (৩৮) এবং একই উপজেলার ভাদ্রুবাড়ী গ্রামের আবদুস সাত্তারের ছেলে সিরাজুল ইসলাম (২০)। সিরাজুল ইসলাম বরের চাচাতো ভাই। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও।
জহুরুল ইসলাম বলেন, ওই মেয়েটির বাবা পালিয়ে সাজা এড়িয়েছেন, আর মা ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। তিনি বলেন, বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়ায় মেয়েটি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্যাপারে খোঁজখবর রাখার অনুরোধ করেছে। তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এ দায়িত্ব দিয়ে এসেছেন।
আদিতমারী থানার ওসি আক্তার হোসেন বলেন, সাজা পাওয়া দুজনকে গতকাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।