নিজের বাল্যবিয়ে ভেঙে স্কুলে যাচ্ছে মরিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণি পড়ুয়া মরিয়ম খাতুনের বাল্যবিয়ে দিয়েছিল তার পরিবার। গত ১৭ মার্চ অনুষ্ঠিত হওয়া ওই বিয়েতে মত ছিল না তার। পড়াশোনার কথা ভেবে কয়েক দিন পরেই শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি চলে আসে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মরিয়ম। এ কারণে মা, বড়ভাই, চাচি ও পাশের বাড়ির কয়েকজন তার ওপর নির্যাতন শুরু করে। এতে বাড়ি ছাড়তে বাধ্য হয় সে।

পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আবারও আবারও বাড়ি ফিরেছে মরিয়ম। শুরু হয়েছে তার পড়ালেখাও। সে উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক শাখার ছাত্রী। সে বৈকুণ্ঠপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মরিয়মকে তার ইচ্ছের বিরুদ্ধে গত ১৭ মার্চ বিয়ে দেওয়া হয়। কয়েক দিন পর সে বাড়ি ফিরে আসে। পড়াশোনা করবে সে আর শ্বশুর বাড়ি যায়নি। এ কারণে তার মা, বড়ভাই, চাচি ও পাশের বাড়ির কয়েকজন মিলে তার ওপর নির্যাতন শুরু করে। পরে মরিয়ম স্কুলের প্রধান শিক্ষকের কাছে আশ্রয় নেয় এবং পড়াশোনার করার আগ্রহ প্রকাশ করে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হলে গত ৩ এপ্রিল স্কুলে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈনুল ইসলাম, সদস্য সুরুতজামান, লিটন মাহমুদ ভূঁইয়া, আবদুল খালেক সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ আলী, গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আবদুল মালেক, মরিয়মের মা কোহিনুর বেগম উপস্থিত ছিলেন। বৈঠকে মেয়েটির অভিযোগ আমলে নেওয়া হয়। পরে তাকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে ও নির্যাতন না করে পড়াশোনার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরও বাড়িতে তার ওপর নির্যাতন চলতে থাকে। এতে মরিয়ম বাড়ি থেকে বেরিয়ে ইউপি সদস্য ফরহাদ আলীর বাড়িতে আশ্রয় নেয়। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আবদুস সালামের নেতৃত্বে আবারও বৈঠক হয়। বৈঠকে মরিয়মকে পড়ালেখা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পড়ালেখার খরচ বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। আর যেহেতু বিয়ে নিবন্ধন করা হয়নি, তাই তালাকের বিষয়টি চেয়ারম্যান সুরাহা করবেন।

আজ শনিবার মোবাইল ফোনে মরিয়ম জানায়, পড়ালেখা করতে চাইলেও বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে জোর করে বিয়ে দিয়েছিল। তাই আবারও পড়ালেখার জন্য স্কুলে আসতে পারায় খুব আনন্দ হচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সে জিপিএ-৩.৪২ ও জেএসসিতে জিপিএ-৪.১০ পেয়েছিল। এসএসসিতে আরও ভালো করার ইচ্ছে তার।

বৈকুণ্ঠপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিনুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটির পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় কিছু মানুষের কাছে আমি শত্রু হয়ে গেছি। তারপরেও মেয়েটি পড়ালেখার সুযোগ পেয়েছে এ জন্য আমি খুশি।’

মরিয়মের মা কোহিনুর বেগম বলেন, ‘বিয়ের দিনে আপত্তি না করলেও পরে মেয়ে ঝামেলা শুরু করেছে। সবার পরামর্শে আবারও মেয়েকে পড়তে দিয়েছি। এখন সবাই সিদ্ধান্ত নিয়েছে বিয়ে বিচ্ছেদের জন্য। সবার সিদ্ধান্তই আমি মেনে নেব। ’

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেয়েটির পড়ালেখার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু মরিয়মের বিয়ের নিবন্ধন হয়নি, এ কারণে যত দ্রুত সম্ভব বিয়ে বিচ্ছেদের ব্যবস্থা করা হবে।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, মরিয়ম নিজেই বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে পড়ালেখার সুযোগ করে দেওয়া হয়েছে। সবার সহযোগিতায় বাল্যবিয়ে মুক্ত রায়গঞ্জ উপজেলা গড়া সম্ভব হবে বলে তিনি জানান।