নিজের বাড়িতে অবরুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় এক শিক্ষকের বাড়ির সামনে প্রতিবন্ধক তৈরি করে তাঁর পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। বাড়ির সামনের জায়গাটি নিজের দাবি করে স্থানীয় এক ব্যক্তি এই প্রতিবন্ধক তৈরি করেছেন। এ বিষয়ে ওই শিক্ষক থানায় অভিযোগ করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, হারাগাছ পৌরসভার সারাই এলাকার কাজীপাড়ায় দরদী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবর রহমান তাঁর পরিবার নিয়ে ২০ বছর ধরে নিজের বাড়িতে বসবাস করে আসছেন। তিনি অভিযোগ করেন, ১৮ মার্চ দিনেরবেলা পাশের কসাইপাড়া গ্রামের হোসেন আলী দলবল নিয়ে বাড়ির সামনে বাঁশের খুঁটি লাগিয়ে ঘেরা দেয়। তিনি প্রতিবাদ জানালে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। এখন তিনি পুরো পরিবার নিয়ে অবরুদ্ধ জীবন যাপন করছেন। তিনি জানান, অন্য এক স্থানে জমিজমা নিয়ে পাশের গ্রামের হোসেন আলীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। সম্ভবত এরই জের ধরে এটা করা হয়েছে। স্ত্রী নাজমা বেগম বলেন, সারা দিন বাড়িতে ভয়ে থাকতে হয়। মেয়ে মৌসুমী রহমান বলেন, ‘এখন বাড়ির পেছন দিয়ে চুপি চুপি কলেজে যাওয়া-আসা করছি। প্রতিমুহূর্তে আতঙ্কে থাকছি। কখন যেন কী ঘটে যায়।’ ওই এলাকার সুমন মিয়া বলেন, ‘আমাদের সামনে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ভয়ে প্রতিবাদ করেনি।’অভিযুক্ত হোসেন আলী ওই শিক্ষকের বাড়ির সামনের জায়গা ঘেরা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘জানতে পেরেছি, এই জায়গা আমাদের। আর তাই ঘেরা দিয়েছি।’ এত বছর পরে কেন এটা করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জায়গা আমরা ঘিরেছি।’এ ব্যাপারে শিক্ষক মজিবর রহমান মঙ্গলবার কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।